বইয়ের মেলা প্রাণের মেলা বইমেলায়ও প্রতিবাদের ঢেউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজপথ উত্তাল। খণ্ড খণ্ড মিছিল শাহবাগ থেকে শহীদ মিনার অবধি। শাহবাগ মোড়ে স্বতঃস্ফূর্ত বিপুল জনসমাবেশ। সেখানে গণসংগীত হচ্ছে, বক্তৃতা হচ্ছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে। সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলে মিছিলে জ্বলে উঠেছে মশাল। স্লোগানে স্লোগানে প্রকম্পিত পরিবেশ। প্রতিবাদ বিক্ষোভের প্রভাব পড়েছিল গতকাল বুধবার একুশের বইমেলায়ও। পর পর দুই দিন হরতাল গেল। মেলায় অবশ্য হরতালের কোনো প্রভাব পড়েনি। বেলা তিনটায় মেলার ফটক খোলার পর থেকেই গ্রন্থানুরাগীদের প্রবেশ শুরু হয়। প্রথম ঘণ্টা খানেক লোকসমাগম কিছুটা কম থাকলেও সন্ধ্যার আগেই মেলার মাঠে প্রাণ-স্পন্দিত পরিবেশ। তবে গতকাল মেলায় আসা নাগরিকদের মুখে মুখে ফিরেছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ। চেনাজানা লোকের দেখা পেলেই কুশলাদি বিনিময়ের পরই উঠে এসেছে কাদের মোল্লার ফাঁসি হলো না—এই আক্ষেপের কথা। প্রতিবাদ ছিল অনেকের কণ্ঠে। এর ফাঁকে ফাঁকে স্টলে স্টলে তাঁরা ঘুরে দেখেছেন নতুন বই, কিনেছেন পছন্দ হলে।ফুটপাত দখল: প্রথম সপ্তাহ পার না হতেই মেলার সামনের ফুটপাতে বসে গেছে পাইরেটেড বইয়ের পসরা। পাশেই নিরাপত্তারক্ষীরা উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে। কেবল বই নয়, সঙ্গে হরেক পণ্যের সমাহার। বালিশ, কুশন থেকে বাচ্চাদের খেলনা, চুড়ি, খাজা-গজা পর্যন্ত বারোয়ারি পণ্যের মহাসমাবেশ। একাডেমী কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করেছিল মেলাকে এই বারোয়ারি রূপ থেকে উদ্ধার করতে। কিন্তু অবস্থা সেই পুনর্মূষিকোভব। ফুটপাতে স্টল না বসতে দেওয়ায় হকারদের বরং সুবিধাই হয়েছে। পশ্চিম পাশের ফুটপাতজুড়ে তাঁরা বিছিয়ে রেখেছেন ‘বাইছ্যা লন ৬০ টাকা দামের বই’।ডি এল রায়কে শ্রদ্ধাঞ্জলি: ‘দ্বিজেন্দ্রলাল রায়: সার্ধশত জন্মবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা ছিল মেলামঞ্চে। প্রবন্ধ পড়েন অধ্যাপক খালেদ হোসাইন। সভাপতিত্ব করেন অধ্যাপক পবিত্র সরকার। আলোচনায় ছিলেন অধ্যাপক মাহবুবুল হক, মহীবুল আজিজ, অধ্যাপক সৌমিত্র শেখর ও শাহাদাৎ হোসেন। বক্তারা বলেন, দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতা-গান-নাটকে দেশপ্রেম মূর্ত হয়ে উঠেছে। তাঁর ‘বঙ্গ আমার জননী আমার’ বা ‘ধনধান্য পুষ্পভরা’র মতো গান আমাদের এখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে। রবীন্দ্রনাথের সমকালীন কবিদের মধ্যে তিনি পূর্বাপর স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল থাকতে পেরেছেন। শুধু সার্ধশত জন্মবর্ষে নয়, তিনি নিত্যই স্মরণীয় হয়ে থাকবেন।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তিতে অংশ নেয় মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র। গান শুনিয়েছেন নীলোৎপল সাধ্য, প্রমীলা ভট্টাচার্য, নার্গিস চৌধুরী, মহাদেব ঘোষ, আজিজুর রহমান, স্বর্ণময়ী মণ্ডল, এ টি এম জাহাঙ্গীর, সুমা রানী রায় ও সঞ্চয় রায়।আজ: আজকের আলোচ্য বিষয় ‘কমল দাশগুপ্ত: জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি’। প্রবন্ধ পড়বেন করুণাময় গোস্বামী, সভাপতিত্ব করবেন অধ্যাপক রফিকুল ইসলাম।উষার দুয়ারে: গতকাল প্রথমার স্টলে এল কবি ও কথাশিল্পী আনিসুল হকের নতুন উপন্যাস উষার দুয়ারে। এটি গত বছর প্রকাশিত তাঁর উপন্যাস যারা ভোর এনেছিল-এর দ্বিতীয় পর্ব। এই উপন্যাসের পটভূমি মহান রাষ্ট্রভাষা আন্দোলন থেকে যুক্তফ্রন্টের নির্বাচনের দিনগুলো। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তার। তাঁর কারারুদ্ধ অবস্থা। কারাগার থেকে মুক্তি, যুক্তফ্রন্টের নির্বাচন—এসব প্রসঙ্গ এসেছে উপন্যাসটিতে। প্রথমার স্টলের বিক্রয় প্রতিনিধিরা জানালেন, প্রথম উপন্যাসটির মতো উষার দুয়ারও ক্রেতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। বেশ বিক্রি হয়েছে প্রথম দিনে। আনিসুল হকের একটি কবিতার বইও এসেছে প্রথমা থেকে, তোমাকে না পাওয়ার কবিতা। এ ছাড়া আগে প্রকাশিত অন্য বইয়ের মধ্যে রয়েছে সালাহ্উদ্দীন আহমদের ইতিহাস ঐতিহ্য জাতীয়তাবাদ গণতন্ত্র। তাঁর নির্বাচিত কুড়িটি প্রবন্ধ রয়েছে এই বইয়ে। মশিউল আলমের উইকিলিকসে বাংলাদেশ প্রথম সপ্তাহে সম্ভবত মেলার সবচেয়ে চালু বই। পঞ্চম দিনেই প্রথম মুদ্রণ নিঃশেষ। গতকাল এসেছে দ্বিতীয় মুদ্রণ। এদিনেও ভালো বিক্রি হয়েছে বইটি। আকবর আলি খানের আজব ও জবর-আজব অর্থনীতি, হরিশংকর জলদাসের উপন্যাস মোহনারও চাহিদা ছিল গতকাল।মোড়ক উন্মোচন ও নতুন বই: নজরুল মঞ্চে গতকাল পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। তথ্যকেন্দ্রে নতুন বইয়ের নাম এসেছে ১০০। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ছিল: বেঙ্গল পাবলিকেশনস থেকে আবুল আহসান চৌধুরীর বাঙালির কলের গান, অন্যপ্রকাশ থেকে আবদুশ শাকুরের প্রবন্ধ রবীন্দ্রজীবনের অনুজ্জ্বল অঞ্চল, অ্যাডর্ন থেকে মাহবুব সাদিকের প্রবন্ধ কবিতায় মিথ এবং অন্যান্য প্রসঙ্গ, সাহস থেকে ঝর্ণা দাস পুরকায়স্থের গল্প ক্যাপুচিনো, অবসর থেকে ড. হাসনা বেগমের দর্শনবিষয়ক ম্যুওরের নীতিতত্ত্ব, শুদ্ধস্বর থেকে চঞ্চল আশরাফের কবিতা খুব গান হলো, চলো, পিয়াস মজিদের কবিতা গোধূলিগুচ্ছ, দিব্য থেকে শামসুল আলমের ইংরেজি কবিতা দ্যা সিলভার লাইন ইন মাই মেমোরি। এ ছাড়া অনুবাদের মধ্যে সন্দেশ থেকে এসেছে মাহফুজ সিদ্দিকী অনূদিত মিলান কুন্ডেরার অস্তিত্বের অসহনীয় লঘুতা, আফসানা বেগম অনূদিত নাদিন গার্ডিমারের ঝাপ ও অন্যান্য গল্প। পাঠক সমাবেশ থেকে এসেছে মাসরুর আরেফিন অনূদিত দুই খণ্ডে ফ্রানৎস কাফকা গল্পসমগ্র।