বইয়ের সংস্কৃতি
আমার প্রথম বই যেদিন বেরোল, সেটা ২০০৭ সালের কথা। ফেব্রুয়ারি মাসে মেলার মধ্যে বই বের হবে। সারা দিন ঝুমবৃষ্টি হচ্ছে। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসা থেকে বেরিয়েছি। সঙ্গে ছাতা আছে, কিন্তু ছাতায় কুলাচ্ছে না। বইটার নাম ছিল এই কাল এই দেশ। আগামী প্রকাশনী থেকে বেরিয়েছিল। কাকতালীয়ভাবে সেদিনই নজরুল ইসলামের বঙ্গবন্ধুর ওপর তিন খণ্ডের স্মারকলিপি বের হচ্ছে। জিল্লুর রহমান সিদ্দিকী বইটির মোড়ক উন্মোচন করেছিলেন। ভিয়েনা থেকে বইটা বের হয়েছিল। অমর্ত্য সেন থেকে আরম্ভ করে অনেক গুণী লেখকের লেখা ছিল বঙ্গবন্ধুকে নিয়ে। এখন মেলার কথা ভাবতে গেলে প্রথমেই মনে হয়, মেলার পরিসর বাড়ানো দরকার। দিন দিন স্টল বাড়ছে, জায়গা সংকীর্ণ হয়ে আসছে। এখন ভিড় এত বেশি হয় যে স্টলে দাঁড়ানোই প্রায় অসম্ভব। মেলার পরিসর বাড়ানোর জন্য রাস্তার ঠিক অন্য পারের সোহরাওয়ার্দী উদ্যানের কথা ভাবা যেতে পারে। জায়গা বাড়লে বই বাড়বে। নতুন নতুন দোকান হবে, নতুন প্রকাশকেরা আসবেন। প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। ফলে সম্প্রসারিত জায়গা খালি পড়ে থাকবে না। ধীরে ধীরে ভরে উঠবে। প্রচুর বই বেরোচ্ছে মেলায়। এর মধ্যে ভালো বইয়ের সংখ্যা কম নয়। উপন্যাস, কবিতা বেশি বেরোচ্ছে। তবে মননশীল প্রবন্ধের বই হয়তো অত বেশি নয়। এই মাসকে সামনে রেখে আমরা যেভাবে বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষার ব্যাপারে উদ্দীপ্ত হয়ে উঠি, সারা বছর সেটা প্রায় অনুপস্থিত থাকে। বাংলা পত্রিকা বা ম্যাগাজিন পড়ার চল খুব বেশি নেই। হাতেগোনা কয়েকটি পত্রিকা বেরোচ্ছে নিয়মিতভাবে। এর মধ্যে কালি ও কলম বা নতুন দিগন্ত পাঠকপ্রিয়তা পেয়েছে। এ জাতীয় পত্রিকার সংখ্যা বাড়ান দরকার। বই নিয়ে আমাদের দেশে লেখালেখিও কম। আমি কিছু কিছু বইয়ের আলোচনা করতে চেষ্টা করি। সব মিলিয়ে বইয়ের চর্চা যেমন হওয়া দরকার, ততটা আমাদের দেশে হচ্ছে না।কলকাতায় কফিহাউসগুলোকে ঘিরে সাহিত্যের আড্ডা প্রচলিত আছে। এসব আড্ডার মধ্য দিয়েই কলকাতার সাহিত্য প্রাণের রসদ সংগ্রহ করে। কিন্তু আমাদের দেশে এই আড্ডার সুযোগটা ভারি অল্প। একসময় বাংলাবাজারের বইয়ের দোকানগুলো ঘিরে লেখকদের আড্ডার প্রচলন ছিল। সারা বছরই সেখানে আড্ডা চলত। নতুন লেখকেরা আসতেন, প্রতিষ্ঠিত লেখকেরা আড্ডা দিতেন। লেখালেখি নিয়ে কথাবার্তা হতো। কিন্তু অনেক বছর হলো সেই আড্ডাটাও আর নেই। আড্ডার ক্ষেত্র খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মেলায় আড্ডা দেওয়ার মতো অবস্থা নেই, এদিকটায় মনোযোগ দেওয়া দরকার।এ জেড এম আবদুল আলী: লেখক ও সাবেক সরকারি কর্মকর্তা