বউকে না জানিয়ে গ্যালাওয়ের আরেক বিয়ে!
ইরাক যুদ্ধের বিরোধিতা করে এবং ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের রক্তক্ষয়ী যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়া ব্রিটিশ আইনপ্রণেতা জর্জ গ্যালাওয়ের বিরুদ্ধে অবৈধ বিয়ের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার তিনি চতুর্থবারের মতো বিয়ে করেছেন, কিন্তু তাঁর তৃতীয় স্ত্রী রিমার বাবা দাবি করেছেন, গ্যালাওয়ে তৃতীয় স্ত্রীকে তালাক না দিয়ে এবং তাঁর বিনা অনুমতিতে চতুর্থবার বিয়ে করেছেন।৫৮ বছর বয়সী গ্যালাওয়ে তাঁর চেয়ে ৩১ বছরের কম বয়সী ডাচ পরামর্শক পুট্রি গায়ত্রী পেটিউয়িকে বিয়ে করেছেন। আজ ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের পার্লামেন্ট ভবনে তাঁদের বিয়ে উপলক্ষে একটি সাদামাটা ভোজও হয়েছে।কিন্তু, গ্যালাওয়ের তৃতীয় স্ত্রী রিমার বাবা দাবি করেছেন, তাঁর মেয়ে এখনো আইনত গ্যালাওয়ের স্ত্রী। হাশেম হুসেইনি দ্য সানকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘মুসলিম আইন অনুযায়ী রিমা এখনো তাঁর স্ত্রী। যদিও ব্রিটিশ আইন এ নিয়মটি অনুমোদন করে না। সে আসলে দুজনকে একই সঙ্গে বিয়ে করেছে।’ গ্যালাওয়ের মুখপাত্র বিয়ের কথা নিশ্চিত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন। গ্যালাওয়ে আইন ভেঙে বিয়ে করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি কি বলতে চাইছেন, তিনি বাইগ্যামিস্ট (একসঙ্গে দুজনকে বিয়ে করার অপরাধ)? তাহলে, এ বিষয়ে আমার বেশি কিছু বলার নেই।’রেসপেক্ট পার্টির নেতা গ্যালাওয়ে ১৯৭৯ সালে তাঁর ছেলেবেলার প্রেমিকা এলিনকে বিয়ে করেন। ১৯৮৭ সাল পর্যন্ত তাঁদের বিয়ে টিকেছিল। ১৯৯৪ সালে মুসলিম আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় বিয়েতে বসেন ফিলিস্তিনের গবেষক আমিনা আবু জায়াদের সঙ্গে। ২০০৭ সালে লেবাননি রিমাকে বিয়ে করেন।২৭ বছর বয়সী পুট্রিকে নিয়ে এ বছরের এপ্রিল মাসে অ্যামেস্টারডামের কোনো এক অনুষ্ঠানে গ্যালাওয়ের যোগ দেওয়াকে কেন্দ্র করে রিমার সঙ্গে তাঁর দাম্পত্য কলহ চরমে ওঠে। সে সময় রিমা বলেছিলেন, ‘আমরা এখনো ইসলামি আইন অনুযায়ী বিবাহিত। অনেকের মধ্যে ভুল ধারণা আছে, একজন মুসলমান চাইলে চারটি বিয়ে করতে পারে। কিন্তু, এই একুশ শতকে এটা প্রযোজ্য নয়। হয়তো কয়েক শ বছর আগে এমনটা ছিল। তখন বিধবা বা স্বামীছাড়া মেয়েদের বিয়ের জন্য ওই আইনটি তৈরি করা হয়েছিল, এখন তার কোনো বাস্তবতা নেই। এটা একটা আহাম্মকি। আরব দেশের পুরুষতান্ত্রিক সৃষ্টি। ইসলামিক আইন অনুযায়ী আমরা বিবাহিত।’তবে আর যা-ই হোক, গ্যালাওয়ে আর পুট্রি বিয়ের পর সামনের দিনগুলো কাটাতে দক্ষিণ লন্ডনের স্ট্রিটহ্যামে একটি বিশাল বাড়ি কিনেছেন ১৪ লাখ পাউন্ডে।