ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আবুবকর হত্যার তদন্তকাজ প্রায় শেষ। এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা কেউই ছাড় পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র আবুবকর সিদ্দিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য এ কথা বলেন। আজ শুক্রবার বকরের গ্রামের বাড়ি মধুপুর উপজেলার গোলাবাড়ীতে আয়োজিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, ‘শিক্ষাঙ্গন হলো মেধা ও মননচর্চার জায়গা। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসীরা সে স্থান দখল করে নিলে জাতির বিবেক ও সৃষ্টিশীলতার বিকাশ বাধাগ্রস্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা কখনোই হতে দেব না। এখানে সন্ত্রাসীদের কোনো স্থান নেই।’ মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান, চারুকলা অনুষদের শিক্ষক আজাহারুল ইসলাম তালুকদার, মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশীদ খান, গ্রামীণ ব্যাংক জামালপুর অঞ্চলের জোনাল ম্যানেজার আমীর খসরু, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর তালুকদার, গোলাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, নিহত আবুবকরের সহপাঠী ইমরুল হাসান ও বকরের বাবা রুস্তম আলী। গত বছরের ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন আবুবকর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৩ ফেব্রুয়ারি সকালে তিনি মারা যান।