বকশিশে চলে কার্যতালিকা
এক.প্রায় সাড়ে নয় বছর ধরে আদালতপাড়ার নানা চড়াই-উতরাইয়ের পর আদালত থেকে এখন রায় আসার অপেক্ষার পালা হক সাহেবের। মোকদ্দমাটি জমিসংক্রান্ত। আইনজীবীদের যুক্তি-তর্কের পর্ব শেষে বিজ্ঞ বিচারক (জ্যেষ্ঠ সহকারী জজ) রায় ঘোষণার জন্য কয়েক দিন সময় দিলেন। সাধারণত রায় ঘোষণার তারিখ বিচারকেরা নির্ধারণ করে দেন। অনেক সময় নির্ধারিত তারিখে রায় না লিখতে পারলে পরবর্তী সময় আবার সংক্ষিপ্ত সময় দেন। হক সাহেবের আইনজীবী জানিয়ে দিলেন তাঁকে রায় ঘোষনার তারিখ। তারিখমতো তিনি আইনজীবীর চেম্বারে হাজির। আইনজীবীর মুহুরি তাঁকে নিয়ে আদালতের পেশকারের কাছ থেকে দৈনন্দিন কার্যতালিকা চেয়ে নিয়ে দেখলেন, রায় হলো কি না। কিন্তু নির্ধারিত তারিখে রায় না লেখা থাকায় হক সাহেব পেশকারকে বললেন, কবে দিতে পারেন মামলার রায়? পেশকার তাঁকে তিন দিন পর দেখা করতে বললেন। কথামতো তিন দিন পর পেশকারের সঙ্গে দেখা করতে খুব সকালেই চলে এলেন তিনি। পেশকার তখন তাঁকে দিলেন এক লোভনীয় নিশ্চিত প্রস্তাব।পেশকার বললেন, এ মামলার রায় তাঁর পক্ষেই আনা সম্ভব, সে ব্যবস্থা তিনি করে দেবেন। কিন্তু বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করলেন। হক সাহেব তো এ প্রস্তাব পেয়ে পেশকারকে এত টাকা দেবেন কিনা পড়ে গেলেন বিভ্রান্তিতে। আবার এ কয়টা টাকার বিনিময়ে যদি মামলার রায় তাঁর পক্ষে আসে তো সমস্যা নেই। মামলার পেছনে প্রায় লক্ষাধিক টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে। পেশকারের কথায় রাজি হয়ে দিলেন ২০ হাজার টাকা। পেশকার তাঁকে দুই দিন পর আসতে বললেন রায় নেওয়ার জন্য। কথামতো দুই দিন পর এসে কার্যতালিকায় আগের নির্ধারিত তারিখের মামলার নম্বরের পাশে লাল কালিতে লেখা দেখালেন, মামলার রায় তাঁর পক্ষেই এসেছে। হক সাহেবের আনন্দের যেন শেষ নেই। ছুটে গেলেন তাঁর আইনজীবীর কাছে। আইনজীবীকে খুলে বললেন সব কথা। আইনজীবী এতক্ষণে বুঝে গেছেন আসল ঘটনা কী। কারণ, মোকদ্দমার সব যুক্তির তথ্যপ্রমাণ তাঁর মক্কেলের পক্ষেই ছিল। তার পরও কেন পেশকারকে টাকা দিতে হলো, এ রহস্য জানার জন্য সংশ্লিষ্ট আদালতের পেশকারের কাছে গিয়ে নথি দেখতে চাইলেন। মামলার নথি দেখে তো যা মনে মনে ভাবছিলেন, তা-ই প্রমাণিত হলো। সংশ্লিষ্ট বিচারক নির্ধারিত তারিখেই রায় দিয়েছেন। কিন্তু ধূর্ত পেশকার ইচ্ছে করেই কার্যতালিকায় রায়ের কথা লেখেননি। না লিখে হক সাহেবের পক্ষে নিশ্চিত রায় দেখে ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ফন্দিফিকির করলেন এবং শেষ পর্যন্ত টাকা পাওয়ার পর কার্যতালিকায় লিখে দিলেন। দুই.বিলকিস আক্তারের বিরুদ্ধে ঘোষণামূলক একটি মোকদ্দমা হয় জায়গা-সম্পত্তি নিয়ে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি। তাঁর বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তির মালিকানা নিয়েই এ মোকদ্দমা চলছে। নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের ওপর সমন জারি হয়ে জবাব দাখিলের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি জবাব দিয়েছেন। এখন বিচার্য বিষয় গঠন শেষে সাক্ষগ্রহণ শুরু হওয়ার পালা। বিলকিস আক্তারের নিযুক্ত আইনজীবীর মাধ্যমে প্রতি তারিখেই হাজিরা দিয়ে যাচ্ছেন তিনি। প্রতি এক মাস বা দেড় মাস পর সাধারণত তারিখ পড়ে। আইনজীবীর সঙ্গে তিনিও আদালতে গিয়ে দৈনন্দিন কার্যতালিকা দেখেন এবং পরবর্তী তারিখ কবে, তা টুকে নেন। সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার জন্য নির্ধারিত তারিখে হাজির হন তিনি। প্রতিপক্ষের আইনজীবী সময় প্রার্থনা করেন। আদালত সময় মঞ্জুর করেন। পরের দিন তিনি তাঁর আইনজীবীর মুহুরিকে নিয়ে কার্যতালিকা দেখতে যান, কবে পড়ল নির্ধারিত তারিখ। তারিখ আর লেখা হয়নি। পেশকারকে জিজ্ঞেস করলে বলেন, পরে নথি দেখে লিখবেন। ওই মুহুরি বেশ কয়েকবার এসে দেখেন যে পরবর্তী শুনানির তারিখ লেখা হয়নি। এর মধ্যে এক মাস সাত দিন পার হয়ে গেল। মুহুরি একদিন দেখতে গেলেন যে কবে তারিখ পড়ল। ওই মুহুরি দেখে তো হতবাক। এর মধ্যে দুটি তারিখ হয়ে গেছে। কার্যতালিকায় নির্ধারিত তারিখের সাত দিন পরই পরবর্তী শুনানি ছিল। কিন্তু বিবাদী না জানার কারণে আদালতে আসতে পারেননি। আদালত তাঁর আদেশে লিখে দিলেন, বিবাদী উপস্থিত হয়নি এবং বিবাদীর পক্ষের আইনজীবী সময় প্রার্থনা করেননি। তবু আরও একটি তারিখ নির্ধারণ করেন। ওই তারিখেও বিবাদী না জানার কারণে আসেননি। এ কারণে মামলাটি বিচারক একতরফা শুনানির জন্য দিয়ে দিলেন বাদী পক্ষে।বিলকিস আক্তার আর ওই মুহুরির বুঝতে বাকি নেই, আসলে কী ঘটে গেল। অন্য পক্ষের কারসাজিতে পেশকার নির্ধারিত তারিখগুলো ওঠাননি কার্যতালিকায়। ফলে হাজির হতে পারলেন না তিনি। ফলাফল একতরফা শুনানি।তিন.একটি বেসরকারি সংস্থা থেকে মামলাটি দায়ের করা হয়েছে সীমার পক্ষে পারিবারিক আদালতে। মেয়েটি ও তাঁর নাবালিকা মেয়ের ভরণপোষণ চেয়ে স্বামীর বিরুদ্ধে মামলা। মামলাটি দায়েরের পর প্রতি তারিখেই ছুটে আসেন সীমা। সমন ফেরতের জন্য তারিখ নির্ধারণ হয় চার মাস ধরে। কার্যতালিকা দেখেন এবং আইনজীবী বরাবরই জানিয়ে দেন, বিবাদী স্বামীকে পাওয়া যায়নি। সমন ফেরত আসেনি। অবশেষে সমন জারি না হওয়ার তদবিরের জন্য তারিখ পড়ে। কিন্তু পেশকার ওই তদবিরের তারিখ লেখেননি কার্যতালিকায়। ওই আইনজীবীও গুরুত্ব দেননি এ বিষয়ে। প্রায় এক মাস পর যখন খোঁজ নেন, তখন তাঁর আইনজীবী দেখেন যে মামলাটি তদবিরের অভাবে খারিজ হয়ে গেছে।আদালতে কার্যতালিকার এ রকম কারসাজির ঘটনা অহরহই ঘটছে। আদালতের একশ্রেণীর অসাধু পেশকার-পিয়নদের দুর্নীতি করার এক মোক্ষম হাতিয়ার কার্যতালিকা। সহজ-সরল বিচারপ্রার্থীদের জিম্মি করে পেশকার-পিয়নরা হাতিয়ে নিচ্ছে সর্বস্ব। এ কারণে আদালতপাড়ায় ভোগান্তিরও শেষ নেই। অনেক সময় প্রতিপক্ষের প্ররোচনায় পেশকাররা কার্যতালিকায় তারিখের রদবদলের খেলায় মেতে ওঠেন।পেশকাররা কেন সুযোগ পানঅনুসন্ধানে দেখা গেছে, বিচারকদের ব্যস্ততা এবং অসতর্কতার সুযোগ নিয়ে পেশকাররা কার্যতালিকায় এ ধরনের দুর্নীতি করে থাকেন। বিচারকেরা এজলাসে ওঠার আগে প্রতিদিনের কার্যতালিকায় সই দেন। অনেক সময় বিচারকেরা অসতর্কতার কারণে ভালোভাবে দেখেন না। এর সুযোগ নেন পেশকাররা। অনেক সময় পেশকাররা বিচারকদেরও বিভ্রান্ত করে থাকেন বলে অনেক বিচারকের সঙ্গে কথা বলে জানা গেছে। একশ্রেণীর আইনজীবীর সঙ্গেও থাকে তাঁদের নিয়মিত যোগাযোগ। কোনো মামলার সংশ্লিষ্ট আইনজীবী থাকলে কার্যতালিকায় ভুল তারিখ দিয়ে, যথাসময়ে না লিখে মামলা একতরফা শুনানি কিংবা খারিজ করিয়ে থাকেন। অনেক পেশকার-পিয়ন দক্ষ না থাকার কারণে ভুল তারিখ উঠিয়ে থাকেন। অনেক পুরোনো মামলায় যেসব পুট আপ (উত্থাপন) দেওয়া হয়, এতে অনেক সময় ভুল তারিখ লেখা হয়ে থাকে। ফৌজদারি মামলাগুলোয় এমনও দেখা গেছে, আসামির হাজিরার তারিখ ভুল থাকার কারণে আসামি নির্ধারিত তারিখে হাজির হতে পারেনি। ফলে ওয়ারেন্ট জারি হয়ে গেছে।প্রধান বিচারপতির নির্দেশগত ২০ অক্টোবর প্রধান বিচারপতি ঢাকা জজ আদালতে আকস্মিক পরিদর্শনে এসে দেখতে পান, কার্যতালিকায় আদেশের তারিখ থাকলেও তা লেখা হয়নি। প্রধান বিচারপতি এর কারণ জানতে চান। গত মাসে অনুষ্ঠিত বিচারকদের সম্মেলনে সব বিচারকের কার্যতালিকার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। বিশেষ করে আদেশগুলো নিজে কার্যতালিকায় লেখার তাগিদ দিয়েছেন বলে জানা গেছে। প্রতিদিন কার্যতালিকায় কয়টি মামলা আছে, কী অবস্থায় আছে, তা গুরুত্বসহকারে তদারকের জন্য নির্দেশ দিয়েছেন তিনি।কার্যতালিকার রুগ্ণ দশাঢাকা জজ আদালত এবং সিএমএম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতগুলোয় সরেজমিনে দেখা গেছে, কার্যতালিকাগুলোর দশা বেহাল। অধিকাংশই ছেঁড়াখোঁড়া। কোনো কোনো ভলিউমের অর্ধেক পৃষ্ঠা বা পুরো পৃষ্ঠাই ছেঁড়া। ভলিউমগুলোর কালি অস্পষ্ট হয়ে আছে। অনেক আইনজীবী এবং বিচারপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, দু-এক মাসের আগে কোনো মামলার তারিখ জানার কোনো উপায় নেই এই কার্যতালিকা থেকে। ফলে বাধ্য হয়েই পেশকার-পিয়নের দারস্থ হতে হয়। কিন্তু তাঁদের বকশিশ না দিলে মামলার নথির দেখা মেলে না। আর এ নথি দেখার ফি ৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তবে দু-একটি আদালতে কার্যতালিকার ভলিউমের ফটোকপি করে রাখা হয়েছে।ইমেইল: [email protected]