বকুনি দিয়েছিলেন, তাই শ্রেণীকক্ষেই শিক্ষিকাকে খুন (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীর এক ছাত্রকে বকুনি দিয়েছিলেন শিক্ষিকা। সে ঘটনা ভোলেনি ১৫ বছর বয়সী সেই ছাত্র। আজ বৃহস্পতিবার ছুরি নিয়ে শ্রেণীকক্ষেই কুপিয়ে শিক্ষিকাকে হত্যা করে সে। ভারতের চেন্নাইয়ের সেন্ট ম্যারিস অ্যাংলো উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এ নির্মম ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ শিক্ষিকা উমা মহেশ্মরি বিদ্যালয়ের তিন তলা ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণীকক্ষে পাঠ দান করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ওই ছাত্র একটি ছুরি হাতে ঝড়ের বেগে শ্রেণীকক্ষে প্রবেশ করে এবং শিক্ষিকার ওপর আচমকা হামলা চালায়। সে শিক্ষিকার ঘাড়ে, মুখে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করতে থাকে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্র প্রথমে শিক্ষিকার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে। তারপর সে বারবার শিক্ষিকার থুতনি ও ঘাড়ে আঘাত করতে থাকে। এতে শিক্ষিকা শ্রেণীকক্ষেই নিহত হন। তারা আরও জানায়, শিক্ষার্থীরা তখন ভয়ে চিত্কার করতে থাকলে ওই ছাত্র তাদেরও হত্যা করার হুমকি দেয় এবং দৌড়ে পালায়। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীরা মিলে তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সোপর্দ করে।ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেন, ওই ছাত্র কাগজে মুড়ে একটি ছুরি নিয়ে স্কুলে ঢোকে। সে শিক্ষিকার বকুনি খেয়ে রেগে তাঁকে হত্যা করে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।তবে হত্যাকারী ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, সে উগ্র স্বভাবের ছিল না। কিন্তু সব সময় উদাসীন থাকত। এমনকি কারও সঙ্গে মিশত না।১৫ বছর বয়সী ওই শিক্ষার্থীর বাবা একজন দিনমজুর। আর ৪২ বছর বয়সী উমা মহেশ্মরি ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন।