বকের নাম কালিবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকিরহাটের বিল কেন্দুয়ায় পাখি দেখতে গিয়ে গত এপ্রিলে কালবৈশাখীর কবলে পড়ে আর প্রবল বৃষ্টিতে ভিজে যা ভয় পেয়েছিলাম না! চিংড়িঘেরের একটি টংঘরে আশ্রয় নেওয়ার পর ঝড়ের তাণ্ডবে সেটি বিপজ্জনকভাবে কাত হয়ে যায়। লাফিয়ে নামি আমরা সবাই। ভাগ্য ভালো যে বজ্রপাত হয়নি, তেমন শিলাও পড়েনি। তা হলে যেকোনো সর্বনাশা পরিস্থিতির মুখোমুখি হতে পারতাম আমরা। দুর্গম হাওর—চারদিকে ধু ধু শূন্যতা। সকালবেলাতেই যেন রাত নেমে গিয়েছিল সেদিন।বেঁচে থাকলে পাখি আরও দেখা যাবে—এমন একটা মনোভাব নিয়ে নৌকায় চড়ে ফিরতি পথ ধরলাম। ঝোড়ো হাওয়া আছে, আছে সামান্য বৃষ্টিও। সোজা খাল ধরে নৌকা চলেছে ডাঙার দিকে। দুই পাশ জোড়া নলখাগড়া, কেনিহোগলা ও চেঁচোবন। হঠাৎ দেখি, খালপাড়ের চেঁচোবনের ভেতর একেবারে টানটান শরীরে দাঁড়ানো একটি পাখি। ঘাড়-মাথা-ঠোঁট সরাসরি আকাশমুখো করে স্থির হয়ে দাঁড়ানো ওটা। এ রকম স্বভাব আছে ‘খয়রা বক’ (Purple Heron)-এর । নলঘোঙা পাখিরও স্বভাব এমন। এমনকি ‘হলদি বক’রাও (Yellow Bittern) এভাবে দাঁড়িয়ে থাকে বিপদের গন্ধ পেলে। কিন্তু ওটার কাছাকাছি যাওয়ার পরও পাখির কোনো নড়াচড়া নেই। হয়তো ওর বিশ্বাস—ওকে দেখিনি আমরা, ও অপেক্ষা করছে নৌকাটা পেরিয়ে যাওয়ার। কিন্তু পেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি হাততালি বাজালাম, সঙ্গে সঙ্গে কী সুন্দর খাড়া লাফে যে ওটা ফুট চারেক উচ্চতায় উঠে পড়ল! ঝট করে পাখা মেলে খালের ঘোলা জলে ছায়া ফেলে উড়ে গেল দূরে।চমৎকার সার্কাস যেন দেখিয়ে গেল পাখিটা। হ্যাঁ, আত্মগোপনে এরা দারুণ কুশলী। স্থির, নিশ্চল হতে এরা খুবই পারদর্শী। বুদ্ধিমান-চতুর ও তুখোড় মাছ-ব্যাঙ শিকারি একধরনের বক এটা। দেখা যায় খুবই কম। সেটা দেশব্যাপী সংখ্যাস্বল্পতার জন্য তো বটেই, ওদের আত্মগোপন করে থাকার স্বভাবের জন্যও। বকটির নাম ‘কালিবক’। ইংরেজি নাম Black Bittern। বৈজ্ঞানিক নাম Dupetor flavicollis। মাপ ৫৮ সেন্টিমিটার। এই লেখার সঙ্গে ছাপা হওয়া ছবির বকটি ২০০৭ সালের জানুয়ারি মাসে এক চিংড়িঘেরের কাছে এক বালকের বড়শি গিলে বেজায় কাহিল হয়ে পড়েছিল। পাখিটি উদ্ধার করে নিয়ে আসি ফকিরহাটে। চিকিৎসা করাই তিন দিন ধরে। পরে অবমুক্ত করা হয়।কালিবক সাধারণত ঊষা ও গোধূলি বেলায় শিকার করতে বের হয়। তবে উত্তরের হাওরের চিংড়িশ্রমিক তথা টংঘরের মানুষেরা আমাকে বলেছেন, ফুটফুটে জোছনা রাতেও এই পাখিটিকে তারা চরে বেড়াতে দেখেছে। ওই দিন মেঘলা থাকায় এই পাখিটি খালপাড়ে এসেছিল মাছ-ব্যাঙ-ছোট জলসাপ বা পোকা-পতঙ্গের আশায়। ঘাসফড়িং এদের অতি প্রিয় খাদ্য। কানিবকের মতো এদেরও রয়েছে মানুষের চোখের ভেতরে ঠোকর দেওয়ার প্রবণতা। প্রতি শীত-গ্রীষ্মে উত্তরের হাওরের জাল-ফাঁদ ও কুচো চিংড়ির টোপ গিলে বড়শিতে আটকায় কিছু কালিবক। বিক্রি হয় হাট-বাজারে। মাথার তালু এদের চকচকে স্লেট রঙের। এই রংটি ঘাড়-গলার উপরিভাগ হয়ে সারা পিঠে ছড়িয়ে গেছে কালো রং হয়ে। গলার তলা দিয়ে কমলাটে-নীল চওড়া একটা রেখা ঘাড়ের পাশ দিয়ে বুক অবধি নেমে এসেছে। বুকে খাড়া খাড়া কালচে টান। ঠোঁট লালছে ধূসর। পা ও পায়ের পাতা ঘন বাদামি। সব মিলিয়ে সুন্দর ও দুর্লভ দর্শন এক বক এটি। মানুষ তো এদের শত্রু বটেই, উত্তরের হাওরে এককালে এদের শত্রু ছিল কালোমেঠো ইঁদুর, ভোঁদড় ও চন্দ্রবোড়া সাপ।