বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশ ও বিজিএমইএর প্রতিনিধিদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা অবরোধ তুলে নেন। জে আর ফ্যাশন লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার রুমা বেগম প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ বকেয়া বেতন পরিশোধের নির্ধারিত দিন ছিল। কিন্তু সকাল থেকে মালিকপক্ষের কারও দেখা নেই। শ্রমিকদের তিন মাসের ও অফিস কর্মচারীদের দুই মাসের বেতন বাকি।’শ্রমিকেরা জানান, সকালে কাজ শুরু করলেও মালিকপক্ষের অনুপস্থিতির বিষয়টি জানতে পেরে সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। ওই প্রতিষ্ঠানের সুইং সুপারভাইজার শিপন আচার্য বলেন, ‘গত ৩১ জুলাই বকেয়া বেতন পরিশোধের শেষ দিন ছিল। এর পরও আমরা কয়েক দিন অপেক্ষা করেছি।’এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উত্পল বড়ুয়া বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে আমরা সড়ক থেকে সরিয়ে নিই। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে। মালিকের প্রতিনিধি এসে বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন।’ বিজিএমইএর চট্টগ্রাম শাখার সচিব মো. মাঈনুদ্দিন বলেন, ‘আমরা শ্রমিকদের আশ্বস্ত করে সড়ক থেকে তুলে নিয়েছি। ঈদের আগে বেতন দেওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে।’