জাতীয় সংসদে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল। গতকাল মঙ্গলবার রাজধানীর বিএমএ মিলনায়তনে টিআইবি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।সুলতানা কামাল বলেন, ‘ডেপুটি স্পিকার শওকত আলী এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ জন্য আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। জানি না, এ জন্য শওকত ভাইকে জবাবদিহি করতে হয় কি না। কিন্তু এসব বক্তব্য এখনো এক্সপাঞ্জ করা হয়নি। আশা করি সংসদ এর দায়িত্ব নেবে।’টিআইবি ও আবদুল্লাহ আবু সায়ীদ সম্পর্কে গত রোববার জাতীয় সংসদে কয়েকজন সাংসদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান তুলে ধরতে টিআইবি এ সংবাদ সম্মেলন করে। সেদিন কয়েকজন সাংসদ অধ্যাপক সায়ীদের বিরুদ্ধে বিশেষ অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ এনে তাঁকে সংসদে এসে ক্ষমা চাওয়ার দাবি জানান। সে সময় অধিবেশনে সভাপতিত্ব করা সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফ এ জন্য সাংসদদের কাছে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ আহ্বান করেন।সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সেদিন ওই অনুষ্ঠানে (শনিবার টিআইবির সনাক ও ইয়েস সম্মেলন) আমি কোনো দেশের নাম বলিনি, কোনো দেশের মন্ত্রী, সাংসদ কথাটি উচ্চারণই করিনি। অথচ এমনভাবে বলা হলো যে, তাঁকে ধরে নিয়ে আসো...আমাকে ১৬ কোটি মানুষের সামনে মাফ চাইতে হবে।’ তিনি বলেন, ‘হঠাৎ ঢালাওভাবে বলে দেব, সংসদের সব দুর্নীতিবাজ, বোধহয় এতটা মাথা নষ্ট হয়নি। বুড়ো হয়েছি, কিন্তু ন্যূনতম শিক্ষা ও রুচি আছে, ওতে এত বড় কথা আমি বলতে পারি না।’ সংবাদ সম্মেলনের শুরুতে তাঁর ওই বক্তব্যের ভিডিও দেখানো হয় এবং এর অনুলিপি সাংবাদিকদের দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর কপি সোমবার স্পিকার, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এবং যেসব সাংসদ বক্তব্য দিয়েছেন তাঁদের দেওয়া হয়েছে।আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সাংসদ ফজলুল আজিম বলেছেন, আমি দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছি। কিন্তু খবর না নিয়ে তিনি যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে আজ যে লজ্জা পাচ্ছেন, তাঁর জন্য আমি মনে মনে দুঃখ অনুভব করছি।’ তিনি বলেন, ‘স্পিকারের দায়িত্ব হচ্ছে সংসদে সমস্যার সমাধান করা। কিন্তু সেদিন দেখলাম, তিনিও (আলী আশরাফ) তলোয়ার হাতে নেমে গেলেন। বললেন, আমি সংবিধান লঙ্ঘন করেছি। তাহলে কি একটি গণতান্ত্রিক দেশে সংসদ নিয়ে কথা বলতে পারব না?’টিআইবির ট্রাস্টি বোর্ডের এই সদস্য অভিযোগ করেন, সাতটি গণমাধ্যম তাঁর বক্তব্যকে বিকৃত করেছে। তিনি বলেন, ‘এতে যেকোনো মানুষেরই খেপে যাওয়ার কথা। এ জন্য সাংসদদের দোষ দেব না। তবে কয়েকজন সাংসদ তপ্ত হয়ে খুবই আক্রমণাত্মকভাবে বলেছেন।’ তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র একটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শাসন। আর সাংসদেরা হচ্ছেন শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কথা বলার ক্ষেত্রে দায়িত্ববান ও মর্যাদাসম্পন্ন হওয়া দরকার। তাঁরা এত অপমান করলেন কিন্তু একবারও জানতে চাইলেন না আসলে কী বলা হয়েছিল।’‘একজন শিক্ষকের এত গাড়ি-বাড়ি থাকার কথা নয়’—সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের এ বক্তব্যের উল্লেখ করে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘এ বক্তব্যে আমি খুব কষ্ট পেয়েছি। আমার কোনো গাড়ি-বাড়ি নেই। আমি খুবই দরিদ্র জীবন যাপন করি। দুই কামরার বাসায় ভাড়া থাকি। বলা উচিত না, ম্যাগসাইসাই পুরস্কারটা না পেলে হয়তো অসুখ হলে রক্ত পরীক্ষার টাকাও থাকত না।’ তিনি বলেন, ‘আরেকটা জিনিস খারাপ লেগেছে, তা হলো যাঁরা আক্রমণ করেছেন তাঁদের ভাষা। তাঁরা আমার বয়সে অর্ধেক। আসলে অনেক কঠিন কঠিন কথাও পরিশীলিতভাবে বলা যায়।’আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘শেখ সেলিমের কাছ থেকেই শুনেছি তিনি আমার ছাত্র। প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন, তিনি আমাদের কলেজের সবচেয়ে প্রিয় শিক্ষক। সেই শেখ সেলিমই বলেছেন, “ভবিষ্যতে ওই শিক্ষক যদি ছাত্রদের পড়ান, তাহলে জাতির ভবিষ্যৎ কোথায় যাবে?”’ তিনি বলেন, ‘এত খারাপ পড়ানোর পরও দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি আমার ছাত্র। শেখ সেলিম নিজেও মন্ত্রী হয়েছেন। আমি তাঁর জন্যও দোয়া করি।’বক্তব্যের অনুলিপি ও ভিডিও পাঠানোর পর কোনো সাংসদ দুঃখ প্রকাশ করেছেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ সরি বলেননি। মনে হয়, আমাদের সংস্কৃতিতে এখনো জিনিসটি ওভাবে আসেনি।’এরপর সুলতানা কামাল বলেন, ‘সংবিধানের কোথায় বলা আছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো সমালোচনা করতে পারব না। সংবিধানে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। এই মালিকানার চেতনা এসেছে একুশ থেকে, মুক্তিযুদ্ধের চেতনা থেকে।’ তিনি বলেন, ‘আমার দেশে যদি কোনো অনিয়ম হয়, কেউ দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে, তাহলে যত বড় ঝুঁকিই মাথার ওপর থাকুক, আমি এর প্রতিবাদ করবই। যদি না করি, তাহলে যেন আমরা কখনো একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা না বলি।’সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, অসত্য তথ্য দিয়ে সাংবাদিকেরা সংসদে হইচইয়ের উপযোগিতা জুগিয়েছেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের যথেষ্ট বস্তুনিষ্ঠ হওয়ার দায়দায়িত্ব আছে।লিখিত বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান সংসদ, গণতন্ত্র নিয়ে টিআইবিকে কথা বলার অধিকার কে দিয়েছে—এ বক্তব্যের উল্লেখ করে বলেন, টিআইবি মনে করে যে সুশাসনের পক্ষে জনমত তৈরিতে যে ধরনের গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রম টিআইবি পরিচালনা করে থাকে, এতে সংসদের কার্যকারিতা বা গণতান্ত্রিক চর্চার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা না বলাই বরং অসংগত হবে। তা ছাড়া সংবিধানের ৭(১) অনুযায়ী জনগণ সব ক্ষমতার উৎস এবং ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী জনগণের দায়িত্ব পালনের যে বাধ্যবাধকতা রয়েছে তা জনগণের পক্ষ হয়ে টিআইবি পালন করছে এবং এর অনুমতি সরকারই দিচ্ছে বিধায় টিআইবির কর্মকাণ্ডের এখতিয়ার অত্যন্ত পরিষ্কার।ইফতেখারুজ্জান বলেন, টিআইবির সব কর্মকাণ্ড এবং অর্থ ব্যয় সরকার অনুমোদিত। বিশেষ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এনজিও ব্যুরোর অনুমোদনক্রমে টিআইবির কার্যক্রম বাস্তবায়িত হয়। বিগত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের সঙ্গে টিআইবির সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে তিনি বলেন, এটি কল্পনাপ্রসূত ও বিদ্যমান সত্যের অপলাপমাত্র।