বক্তব্যের জন্য মওদুদের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দুটি পত্রিকায় খণ্ডিত আকারে তাঁর বক্তব্যটি প্রকাশ হওয়ায় দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।আজ বৃহস্পতিবার মতিঝিলে তাঁর চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপির নেতা বলেন, ‘খণ্ডিত বক্তব্য পড়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়া স্বাভাবিক। আশা করব এই ভুল বোঝাবুঝি বন্ধ হবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে গণ-আন্দোলন সফল করবে।’ সম্প্রতি মওদুদ আহমদ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে কারও তুলনা চলে না। দুটি পত্রিকায় ওই সাক্ষাত্কার প্রকাশিত হলে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বগুড়ায় মওদুদ আহমদের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিএনপি যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, মওদুদ আহমদের বক্তব্য দলের শৃঙ্খলার পরিপন্থী। মওদুদ আহমদ বলেন, ‘সম্প্রতি একটি চ্যানেলে তাঁর সাক্ষাত্কার প্রচারিত হয়। এটি ছিল একটি বিশ্লেষণমূলক একাডেমিক আলোচনা। কিন্তু বঙ্গবন্ধু ও শহীদ জিয়া সম্পর্কে আমি যে মন্তব্য করেছি তা দুটি পত্রিকায় খণ্ডিত আকারে প্রচারিত হওয়ায় দলের অনেক নেতা-কর্মীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যা হওয়াটাই স্বাভাবিক। আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি।’ রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘ও আমার ছোট ভাইয়ের মতো। তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়ার ওপর আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি যা বলার চেষ্টা করেছি সেটা হলো আমাদের ইতিহাসে দুই নেতার আবির্ভাব দুটি ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছে, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা চলে না।’ এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, এই অধিবেশনে বিএনপি সংসদে যোগ দেবে না। কারণ, সংসদে যাওয়ার পরিবেশের আরও অবনতি হয়েছে।