বক্সিংকন্যা রোকসানা
ঘরের মেয়ে কিলঘুষির খেলা খেলবে? এটা কেমন কথা? পরিবারের বয়োজ্যেষ্ঠদের এমন বিরূপ প্রতিক্রিয়া ও বৈরী পরিবেশ দমাতে পারেনি রোকসানাকে। অদম্য ইচ্ছাশক্তি ও একাগ্রতার জোরে তিনি বয়ে এনেছেন সাফল্য, হয়েছেন ব্রিটিশ কিক বক্সিং চ্যাম্পিয়ন।আন্তর্জাতিক কিক বক্সিংয়ের ৪৮-৫০ ক্যাটাগরিতে তৃতীয় হিসেবে ব্রোঞ্জ পেয়েছেন এই ব্রিটিশ বাঙালি তরুণী রোকসানা। প্রভাবশালী ১০০ ব্রিটিশ বাঙালির ‘পাওয়ার হানড্রেন্ড’ তালিকায়ও তাঁর নাম আছে। কয়দিন বাদে অলিম্পিকের মশাল আসছে তাঁর হাতে; ছুটবেন তিনি।সম্প্রতি তাঁর বর্তমান কর্মস্থল পূর্ব লন্ডনের স্কুল আঙিনায় বসে শোনালেন ফেলে আসা দিন ও বক্সিং প্রিয়তার কথা। ‘পূর্ব লন্ডনে আর পাঁচ-সাতজন বাঙালি ছেলেমেয়ের মতোই আমার বেড়ে ওঠা। খুব যে দস্যুপ্রকৃতির ছিলাম তা নয়। আমার বয়স তখন ১৭ বা ১৮। বাড়তি একটা কিছু শেখার ইচ্ছে হলো। খেলা ও আত্মরক্ষা—দুটোই হবে ভেবে বক্সিংয়ের পোকা মাথায় ঢোকে। পরিবারের মানুষজন আমার এমন শখের কথা শোনায়, বিপদ আরও বেড়ে গেল। নানা বিধি-নিষেধ চাপানো হলো আমার ওপর। তবে শেষ পর্যন্ত তাদের বোঝাতে সক্ষম হই।’ বলছিলেন রোকসানা।বেথনাল গ্রিন এলাকার ’কো জিম’ ব্যায়ামাগারে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, খ্যাতনামা প্রশিক্ষক বিল জাডের কাছে ঐতিহ্যবাহী ম্যুয় থাই শেখার সুযোগ পান রোকসানা। হাঁটু ও কনুইয়ের ওপর জোর দেওয়া অতি উচ্চমাত্রার শারীরিক কসরতের বক্সিং খেলা ম্যুয় থাই নামে পরিচিত। শিখতে শিখতে রোকসানা টের পান বক্সিং শেখাটা তাঁর শখের পর্যায় ছাড়িয়ে আরও দূরে চলে গেছে।ওয়েস্ট মিনিস্টার বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন রোকসানা। ২০০৬ সালে পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি চাকরি নেন নির্মাণ প্রতিষ্ঠানে। একঘেয়ে কাজ ভালো লাগে না, বছর ঘুরতেই সেই চাকরিতে ইস্তফা দেন তিনি। এর ছয় মাস পর অবশ্য স্থানীয় স্কুলে অস্থায়ী বিজ্ঞান সহকারীর কাজ নেন রোকসানা। বললেন, ‘স্কুলের কাজে মজা পাই, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো যায়। সময় পেলে এদেরও বক্সিংয়ের টুকিটাকি শেখাই। বড় ব্যাপার হলো বক্সিংয়ের প্রয়োজনে স্কুল কখনো আমার বাধা হয়ে দাঁড়ায়নি।’প্রতিযোগিতায় অংশগ্রহণ কিংবা চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ মোটেও ছিল না রোকসানার। প্রশিক্ষকের কথা মতো টানা অনুশীলনেই ব্যস্ত ছিলেন তিনি। ব্রিটেন জাতীয় দলের হয়ে ২০০৯ সালে ব্যাংককে অনুষ্ঠিত বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান ব্রোঞ্জ জয় করে রোকসানা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। সেই থেকে স্বপ্নের শুরু, বাড়তে থাকে মানুষের প্রত্যাশা। ব্রিটিশ কিক বক্সিং চ্যাম্পিয়নের মুকুটও তাঁর মাথায়, সামনে ইউরোপ জয়ের হাতছানি। এমন স্বীকৃতিতে রোকসানার সরল স্বীকারোক্তি, ‘আমি প্রচণ্ড আত্মবিশ্বাসী। কঠোর পরিশ্রম করছি। শেষ পর্যন্ত লড়ে যাব।’ভবিষ্যত্ পরিকল্পনার কথা জানতে চাইলে রোকসানা বলেন, ‘নিজের বাড়িতে অলিম্পিকের আসর। কিন্তু আমার প্রিয় কিক বক্সিং অলিম্পিকে অন্তর্ভুক্ত নয়। চোখ এখন ব্রাজিল ২০১৬ অলিম্পিকের দিকে, কিক বক্সিং সেই আসরে থাকছে! নিজেকে সে পর্যন্ত তৈরি করে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’বাংলাদেশের স্মৃতি প্রসঙ্গে রোকসানা বলেন, ‘দেশে যাইনি অনেক দিন। সেই সাত বছর আগে গিয়েছিলাম। মনে হয়, আত্মরক্ষার জন্য বাংলাদেশে প্রতিটি মেয়েরই বক্সিং জানা জরুরি।’রোকসানাকে নিয়ে পরিবারের দৃষ্টিভঙ্গি পাল্টেছে। তাঁর ওপর পূর্ণ আস্থা রাখেন মা মিনারা বেগম। মেয়ে সম্পর্কে জানতে চাইলে ফোনে তিনি বলেন, ‘ছেলেমেয়ের সাফল্যে মা-বাবা খুশি হন। সন্তানদের ওপর কিছু চাপিয়ে দিয়ে লাভ নেই। আমার রোকসানাই উদাহরণ।’