মিজানুর রহমান হত্যা মামলা ২৪ জানুয়ারি বাগাতিপাড়া বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি হওয়ার কথা
বখাটে আসিফ ও রাজনের বিরুদ্ধে অভিযোগপত্র
নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমান হত্যা মামলার দুই আসামি আসিফ ও রাজনের বিরুদ্ধে গতকাল শনিবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ছাত্রীদের উত্ত্যক্ত (ইভ টিজিং) করার প্রতিবাদ করায় বখাটেরা মিজানুরকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।বাগাতিপাড়া থানা সূত্রে জানা যায়, ৬৪ দিনের তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম গতকাল দুপুরে শিক্ষক মিজানুর হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করলে কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর আলম তা গ্রহণ করেন। আগামী ২৪ জানুয়ারি বাগাতিপাড়া বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্রের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত আসামি মো. মামুনুর রশিদ ওরফে আসিফ আলী ও মো. আবদুল আউয়াল ওরফে রাজন বখাটে, উচ্ছৃঙ্খল ও বদমেজাজি। এলাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো ও মেয়েদের উত্ত্যক্ত করার সত্যতা পাওয়া গেছে। শিক্ষক মিজানুরকে হত্যা করার কয়েক দিন আগে লোকমানপুর বাজারের রাস্তায় আসিফ ও রাজন লোকমানপুর কলেজের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই ছাত্রীরা ঘটনাটি কলেজের রসায়ন বিভাগের শিক্ষক মিজানুরকে জানালে তিনি বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানান। এতে ওই আসামিরা মিজানুরকে দেখে নেওয়ার হুমকি দেয়। সেই আক্রোশে ১২ অক্টোবর দুপুরে আসামিরা লোকমানপুর ইক্ষু খামারের সামনের রাস্তায় মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয়। এতে তিনি মুখমণ্ডল ও মাথায় আঘাত পান। এ সময় রাজন তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে মিজানুরের মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গত ২৪ অক্টোবর রাত পৌনে একটার দিকে মিজানুরের মৃত্যু হয়। মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে মিজানুরের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত প্রতিবেদনেও মিজানুর আঘাতজনিত কারণে মারা গেছেন বলে চিকিৎসকেরা মত দেন। তদন্ত কর্মকর্তা ওই মতামত সংগ্রহ করে অভিযোগপত্রের সঙ্গে সংযুক্ত করেছেন। এতে ২৮ জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত করা হয়েছে। অন্য দুজন সাক্ষীর জবানবন্দি বিচারিক হাকিম ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। তদন্তকালে ঘটনাস্থল থেকে জব্দ করা আসামিদের মোটরসাইকেলটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) দিয়ে পরীক্ষা করানো হয়। পরীক্ষায় জানা যায়, ঘটনার সময় মোটরসাইকেলটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না।অভিযোগপত্রে মামলার বাদী ও শিক্ষক মিজানুরের সহকর্মী মামুনুর রশিদসহ ৩০ জনকে সাক্ষী করা হয়েছে। তদন্তে আসামি আসিফ ও রাজনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দণ্ডবিধির ৫০৯ (উত্ত্যক্ত), ৩০২ (হত্যা), ৪২৭ (ভাঙচুর) ও ৩৪ (পরস্পর মিলে অপরাধ সংঘটন) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে আসামিরা শিক্ষক মিজানুরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে সাক্ষ্য-প্রমাণ পেয়েছি। ঘটনাটি চাঞ্চল্যকর ও স্পর্শকাতর হওয়ায় তদন্তের সময় খুবই সতর্কতা অবলম্বন করেছি। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাসিরুল ইসলাম তদন্তে দিকনির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতামত ও সাক্ষীদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।’ অভিযোগপত্র দাখিলের ব্যাপারে নিহত শিক্ষকের স্ত্রী রাজিয়া সুলতানা ও মামলার বাদী মামুনুর রশিদ সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ‘অভিযোগপত্র সঠিক হয়েছে। আমরা এখন বিচারের অপেক্ষায় থাকলাম। আশা করছি, আসামিরা সর্বোচ্চ সাজা পাবে।’শিক্ষক মিজানুরের ওপর হামলার ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়। বখাটে আসিফকে ২০ অক্টোবর ও রাজনকে ২৮ অক্টোবর গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা নাটোর জেলহাজতে আছে।