বখাটে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সরিষাবাড়ীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে গ্রেপ্তারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয় ও বয়ড়া ইস্রাঈল আহমেদ উচ্চবিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল করে।রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে এবং এক বখাটেকে গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল ১০টায় রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পোগলদীঘা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বখাটেকে গ্রেপ্তারের দাবিতে বক্তব্য দেন পোগলদীঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শামস উদ্দিন, চান মিয়া, প্রধান শিক্ষক আলিম উদ্দিন ও সাইফুর রহমান।বয়ড়া ইস্রাঈল আহমেদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন বলেন, যেখানে বখাটে দেখবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুর রহমান বলেন, বখাটে গ্রেপ্তার না করায় বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মলি, শাহনাজ ও শারমিন বলে, ‘বখাটেকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তমিজ উদ্দিন জানান, বখাটেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার গেন্দারপাড়া গ্রামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী প্রতিদিনের মতো গত শনিবার বাড়ি থেকে রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়। পথে হাসডা মাজালিয়া এলাকায় দুই বখাটে গেন্দারপাড়া গ্রামের মনির উদ্দিন (১৮) ও বয়ড়া এলাকার আমীন (১৮) ওই ছাত্রীর পথ রোধ করে। এ সময় বখাটেদের একজন মেয়েটিকে প্রেম নিবেদন করে। মেয়েটি রাজি না হওয়ায় তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বখাটেরা। এ সময় মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বখাটে আমীনকে ধরে ফেলে। মনির দৌড়ে পালিয়ে যায়। পরে আমীনকে প্রধান শিক্ষকের হাতে তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক আমীনকে পুলিশে সোপর্দ করেন।এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুর রহমান বাদী হয়ে বখাটে মনির উদ্দিনকে প্রধান আসামি করে দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।গত রোববার বখাটে আমীনকে আদালতে সোপর্দ করা হয়।উত্ত্যক্ত হওয়ার শিকার ছাত্রীটি জানায়, দুই বখাটে প্রায়ই বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করত।