বখাটে দুখুর শাস্তি দাবির মিছিলে সর্বস্তরের মানুষ
পাবনার ঈশ্বরদী উপজেলার মশুড়িয়াপাড়ায় গত বুধবার বৃষ্টির আত্মহত্যার ঘটনায় তাকে উত্ত্যক্ত করা বখাটে দুখুর শাস্তি দাবি করেছেন দুখুর এক চাচি। শাস্তি চান দুখুর প্রতিবেশীরাও। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুখু ও তার সহযোগীদের শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। দুখু গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জনের কথা ঘোষণা করে। গতকাল বাদ আসর উপজেলার মানিকনগর গ্রামে বৃষ্টির বাবার বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি গত বুধবার রাতে মশুড়িয়াপাড়ায় বৃষ্টির মামার বাড়ি পরিদর্শন করেন। দুখু ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।গতকাল দুপুরে মশুড়িয়াপাড়ায় দুখুর বাড়িতে গেলে আশপাশের মানুষ ছুটে আসে। দুখুর শাস্তি দাবি করে তারা বলে, যাদের প্রশ্রয়ে দুখু এত বড় ঘটনা ঘটাল, সেই প্রশ্রয়দাতা বড় ভাইদেরও গ্রেপ্তার করা উচিত।দুখুর চাচি চম্পা খাতুন প্রথম আলোকে বলেন, দুখুর আচরণে ক্ষুব্ধ হয়ে বৃষ্টি আত্মহত্যা করে থাকলে অবশ্যই দুখুকে শাস্তি দিতে হবে। এ ঘটনার জন্য উপযুক্ত শাস্তি না পেলে অনেক বখাটে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে।এলাকাবাসী জানায়, ঈশ্বরদীর কলেজপাড়া, মশুড়িয়াপাড়া, কামারপাড়াসহ কয়েকটি এলাকায় দুখু ও তার সহযোগীরা চুরি ছিনতাই, স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।নাম প্রকাশ না করার শর্তে একজন স্কুলশিক্ষক জানান, এর আগেও দুখু ও তার সঙ্গীরা এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্থানীয় কিছু লোক বিষয়টি ধামাচাপা দেয়। পৌরসভার কাউন্সিলর আমিনুল ইসলামও দুখু দুশ্চরিত্র বলে মন্তব্য করেন।প্রতিবেশী ফাহিমা বেগমের ভাষ্যমতে, ঈশ্বরদী কাঁচাবাজারে দুখুর প্রয়াত বাবা আসলামের তাড়ির দোকান ছিল। এলাকার চান্দু শেখ জানান, মাদকের ব্যবসা শুরু করায় আট বছর আগে দুখুর মা স্বামীকে ছেড়ে চলে যান। দুখু তার দাদির কাছে বড় হয়েছে। দাদিকে বাড়িতে পাওয়া যায়নি।গতকাল দুপুরে বৃষ্টির আত্মহত্যার ঘটনায় ঈশ্বরদী শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের সঙ্গে যোগ দেয় সর্বস্তরের মানুষ। তারা বখাটে দুখুর ফাঁসি দাবি করে। দুখু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিক্ষোভকারীরা স্মারকলিপি দেয়।ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, ইউএনও জাকির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন ও বঙ্গবন্ধু স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান। ওসি বেলায়েত হোসেন বলেন, দুখুকে গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চলছে।