ফরিদপুরের মধুখালী উপজেলায় চাঁপা রানী ভৌমিক হত্যাকাণ্ডের দুই দিন পরও আসামি বখাটে দেবাশীষ সাহা ওরফে রনিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দেবাশীষসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার মধুখালী ও ফরিদপুর শহরের সর্বস্তরের জনতা মানববন্ধন করেছে। দেবাশীষের বাবা রতন সাহার মদের দোকানটি গতকাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। অন্যদিকে বখাটে দেবাশীষের সৎমা ও সহযোগী আলমগীরের মাকে গত বুধবার দিবাগত রাতে আটক করলেও গতকাল তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় গত মঙ্গলবার বিকেলে মধুখালীর পশ্চিম গাড়াখোলায় দেবাশীষ ও তাঁর দুই সহযোগী চাঁপা রানীকে মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করে। গতকাল সারা দিন শোকে স্তব্ধ হয়েছিল মধুখালী উপজেলা। সব জায়গায় ছিল শোকার্ত পরিবেশ। ফরিদপুর চিনিকল শ্রমিক ইউনিয়নের পূর্বঘোষিত তিন দিনব্যাপী শোক দিবসের প্রথম দিন ছিল গতকাল। সকালে মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল ও ফরিদপুর চিনিকল উচ্চবিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকদের উদ্যোগে চিনিকলের প্রধান ফটকে মানববন্ধন করেন শ্রমিকেরা।চিনিকলে কর্মরত খন্দকার আবদুস সাত্তার বলেন, ‘আমরা বখাটে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ মেয়েদের উত্ত্যক্ত করার সাহস না পায়।’চাঁপা রানীর বাড়িতে: ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান গতকাল বিকেল তিনটার দিকে মধুখালীর পশ্চিম গাড়াখোলাতে চাঁপা রানীর বাড়িতে যান। তিনি চাঁপার স্বামী স্বপন বিশ্বাস ও তাঁর চার মেয়েকে জানান, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শোক জানাতে এসেছেন। সাংসদ আবদুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোরভাবে নিয়েছেন। প্রধানমন্ত্রী নিজে মামলাটি মনিটরিং করার দায়িত্ব নিয়েছেন। আমি বেঁচে থাকলে এ হত্যাকাণ্ডের বিচার কেউ ঠেকাতে পারবে না।’এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির চাঁপা রানীর বাড়িতে যান। জেলা প্রশাসক নিজস্ব তহবিল থেকে আজ শুক্রবার চাঁপা রানীর শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য স্বপনের হাতে ১০ হাজার টাকা দেন।নিষ্ঠাবান কর্মী চাঁপা রানী: ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার বলেন, ‘১৯৮১ সাল থেকে চাঁপা রানী এই প্রতিষ্ঠানে টাইপিস্ট কাম ক্লার্ক পদে কাজ করছেন। অত্যন্ত সৎ ও কাজের প্রতি নিষ্ঠাবান ছিলেন তিনি। কাজে কখনো ফাঁকি দিতেন না। এ রকম এক নিষ্ঠাবান কর্মীকে হারানো আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা।’কমল কান্তি বলেন, ‘আমরা শুনেছি বখাটে দেবাশীষের সঙ্গে সঞ্জয় ও আলমগীর নামে তার দুজন বন্ধু ছিল। তাদের নাম মামলার এজাহারে আসেনি। অভিযোগপত্রে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।’মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, দেবাশীষের সৎমা প্রমিতা রানী সাহা ও দেবাশীষের সহযোগী আলমগীরের মা হাজেরা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাঁরা এ মামলায় সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিলে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।ফরিদপুর শহরেও প্রতিবাদ: চাঁপা রানীর হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বখাটেদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর শহরেও মানববন্ধন হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চ, রাসিন, বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস (ব্লাস্ট), সচেতন নাগরিক কমিটি, প্রথম আলো বন্ধু সভা, সমকাল সুহূদ সমাবেশ, জেলা মহিলা অধিদপ্তর, মহিলা উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনতা। মানববন্ধন চলাকালে সচেতন নাগরিক কমিটি ফরিদপুরের আহ্বায়ক অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ‘ভীষণ লজ্জা ও পরাজয়কে সামনে রেখে আজ আমরা এখানে সমবেত হয়েছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশের জন্ম সে দেশে মায়ের মৃত্যু হচ্ছে ইভ টিজারদের হাতে।’সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার বলেন, ‘চাঁপা রানীর চার কন্যা আজ মাতৃহীনা। এ অবস্থায় আমি, আপনি যে কেউ যে কোনো সময় পড়তে পারি। বখাটেদের এখনই শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ভয়ংকর কাণ্ড ঘটাতে না পারে।’এদিকে বখাটেদের গ্রেপ্তারের দাবিতে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদপুরের নাগরিক সমাজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠায়। এতে নাটোরের কলেজশিক্ষক মিজানুর রহমান ও মধুখালীর চাঁপা রানী ভৌমিকের মর্মান্তিক হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।