বখাটে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম বখাটেদের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নিহত কলেজশিক্ষক মিজানুর রহমানের রাজশাহীর চারঘাটের বাড়িতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি নাটোরে বখাটেদের হামলায় তিনি মারাত্মক আহত হওয়ার পর রাজধানীতে একটি হাসপাতালে মারা যান।শিক্ষামন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে অথবা শুধু আইন দিয়ে বখাটেদের মোকাবিলা করা যাবে না। তার পরও তাদের জন্য কঠোর আইন প্রণয়ন ও তা কঠোরভাবে প্রয়োগ করা হবে। পেছনে যত শক্তিই থাক, কেউই তাদের রক্ষা করতে পারবে না।সকাল ১০টায় শিক্ষামন্ত্রী চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামে নিহত মিজানুরের বাড়িতে যান। সেখানে তিনি মিজানুরের মাকে সান্ত্বনা দেন। এরপর উপস্থিত সুধীসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘এই পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা এসেছি মিজানুরের পরিবারের পাশে দাঁড়াতে, সম্মান জানাতে, শ্রদ্ধা জানতে, মিজানুরের জীবন থেকে শিক্ষা নিতে।’ শিক্ষামন্ত্রী বলেন, আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তখন ব্যবস্থা নেওয়া হলে আজকে এ ধরনের ঘটনা কমে আসত। তিনি মেয়েদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, ‘এ ধরনের ঘটনা ঘটলে মেয়েকে বকাবকি না করে তার কথা আন্তরিকভাবে নিতে হবে। তাকে সাহস ও সান্ত্বনা দিতে হবে। যাতে মেয়েটি পরিবারেও অসহায় বোধ না করে।’