বখাটে বন্ধু তোহাকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি কী অপরাধ করেছিলাম? আমি কার ক্ষতি করেছি? আমার মেয়ের কেন এই অবস্থা হলো?’ হাসপাতালের সামনে গত বৃহস্পতিবার রাতে এভাবে বিলাপ করছিলেন মিদাত সারিমা রহমানের বাবা মিজানুর রহমান। চোখ মুছতে মুছতে তিনি বলেন, মিদাতের বন্ধু সাফাতের ফোন পেয়ে তিনি হাসপাতালে আসেন। হাসপাতালে এসে দেখেন, সব শেষ।বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নগরের আমীরবাগের এক বন্ধুর বাড়ির ছাদে খুন হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিদাত। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিজানুর রহমান চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এতে মিদাতের দীর্ঘদিনের বন্ধু এস এম তোহা ওরফে সৌরভকে আসামি করা হয়। তবে তোহাকে এখনো গ্রেপ্তার করা যায়নি।মামলায় অভিযোগ করা হয়, সাফাতের বাড়ির পাঁচতলার ছাদে তোহা, সাফাত, মিদাত ও তাসনিয়া কথা বলছিলেন। একপর্যায়ে তোহা গোপনীয়তার দোহাই দিয়ে সাফাত ও তাসনিয়াকে সরে যেতে বলেন। তাঁরা দুজনে তখন সিঁড়ির পাশে অবস্থান নেন। তবে তোহার আচরণে সন্দেহ হওয়ায় সাফাত এ সময় পাশের ভবনে থাকা তাঁদের এক বন্ধু নাবিলকে দুজনের ওপর চোখ রাখতে বলেন। হঠাৎ মিদাত ‘মাগো মাগো’ বলে চিৎকার করতে করতে ছাদের এক কোণ থেকে সিঁড়ির দিকে দৌড়ানোর একপর্যায়ে লুটিয়ে পড়েন। তখন সাফাত ও তোহা দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তোহা পালিয়ে যান। মিদাতের সহপাঠী সাফাত ইশতিয়াক ও আমীরবাগের বাসার দারোয়ান আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘তোহার সঙ্গে মিদাতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটি বখে যাওয়ায় তাঁর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছিলেন না মিদাত। কয়েক মাস ধরে তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল। তোহা পুরোনো উপহার ফেরত দেবেন বলে মিদাতের সঙ্গে দেখা করতে মরিয়া হয়ে ওঠেন। এ জন্য তিনি সাফাতকে ব্যবস্থা করে দিতে বলেন। বৃহস্পতিবার বিকেলে মিদাত শিরিন নামে একজন শিক্ষকের বাসায় যাচ্ছেন বলে সেন্ট্রাল প্লাজার বাসা থেকে বের হন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তোহা ও মিদাত ওই বন্ধুর বাড়ির ছাদে যান। কথা বলার একপর্যায়ে ছয়টা ১০ মিনিটের দিকে মিদাতকে ছুরিকাঘাত করেন তোহা। আমাদের ধারণা, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।’পুলিশ সূত্র জানায়, ২০০৩ সালে নগরের জিইসি মোড় এলাকায় এক শিক্ষকের বাসায় কোচিংয়ে পড়ার সূত্র ধরে তোহার সঙ্গে মিদাতের পরিচয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তোহা কয়েকবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। পরে তিনি বখে যান বলে সহপাঠীরা অভিযোগ করেন। মিদাতের বান্ধবী তাসনিয়া ও সাফাত পুলিশকে জানান, সম্পর্ক ছিন্ন করার চেষ্টার কারণে মিদাতকে এসিড মারারও হুমকি দিয়েছিলেন তোহা। তাঁকে নানাভাবে মানসিক নির্যাতন ও হয়রানি করছিলেন। তোহার বিষয়টি নিয়ে সাফাতসহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সঙ্গে আলাপ করেন মিদাত। তাঁরা জানান, তোহা তাঁদের সম্পর্ক জোড়া দিতে মিদাতের অনেক বন্ধুর শরণাপন্ন হন। কিন্তু তাতে লাভ হয়নি।বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে মিজানুর রহমান বলেন, ‘আমার মেয়ে শিক্ষকের বাসায় যাচ্ছে বলে বাসা থেকে বের হয়। তার মা ওই সময় বাসায় ছিল। সন্ধ্যায় আমার মোবাইলে সাফাত ফোন করে হাসপাতালে যেতে বলে। হাসপাতালে এসে দেখি, সব শেষ।’জানাজা: গতকাল তিন দফা জানাজা শেষে মিদাতকে নগরের গরীবউল্লাহ শাহ মাজারের কবরস্থানে দাফন করা হয়। এর আগে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা প্রথম জানাজা হয়। সেখানে তাঁর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। মিদাতের ছোট ভাই ওয়াকিব হাউমাউ করে কাঁদছিলেন। মেয়ের মৃত্যুর খবর শোনার পর থেকে মা শাহনাজ আহমেদ এক রকম নির্বাক।সংশোধনী: গতকাল ভুলবশত মৃদাট সারিমা রহমান ছাপা হয়। আসলে তা হবে মিদাত সারিমা রহমান।