ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার রাতে বহিরাগত বখাটে যুবকদের হাতে ওই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী লাঞ্ছিত হয়েছেন। ওই ছাত্রীদের উদ্ধার করতে গিয়ে বখাটেদের মারধরে আহত হন বিশ্ববিদ্যালয়ের আরও ছয়জন ছাত্র। ঘটনার সঙ্গে জড়িত যুবকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।গতকাল রোববার সকালেও একই দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন। ক্লাস বর্জন করেন বেশির ভাগ শিক্ষার্থী। ছাত্রী-লাঞ্ছনার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুজন নিরাপত্তারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী রিকশায় করে ময়মনসিংহ শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। মূল ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকার পরপরই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার পাঁচ-ছয়জন যুবক রিকশার গতি রোধ করে তাঁদের গালিগালাজ ও লাঞ্ছিত করে। একই সময় ক্যাম্পাসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের ছয়জন ছাত্র ওই ঘটনার প্রতিবাদ জানালে তাঁরা বখাটে যুবকদের মারধরে আহত হন। আহত ছাত্র তিলক, মাসরেফুল, সবুজ (১), সবুজ (২), সাগর ও জুয়েলকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিত্সা দেওয়া হয়। আর লাঞ্ছিত ছাত্রীরা হলে ফিরে যান। এ ঘটনায় আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।এ খবরে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের পাশে কেআর মার্কেটের কয়েকটি দোকান ভাঙচুর করে। উদ্ভূত পরিস্থিতিতে রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর বাসভবনে লাঞ্ছিত দুই ছাত্রীসহ প্রায় ৩০ জন ছাত্রী আলোচনায় বসেন। এ সময় হল প্রভোস্ট, শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রীরা হলে ফিরে যান।গতকাল একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল আটটার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে ভবনের প্রায় ৫০০ কর্মকর্তা-কর্মচারী সেখানে আটকা পড়েন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও জ্যেষ্ঠ শিক্ষকেরা দাবি বাস্তবায়নে পুনরায় আশ্বাস দিলে প্রায় দেড় ঘণ্টা পর প্রশাসন ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রশাসন ভবনের পাশে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ করেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মহিউদ্দিন হাওলাদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের দুজন নিরাপত্তারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন হাবিবুল ইসলাম ও আবু রায়হান। এ ছাড়া বিষয়টি কোতোয়ালি থানায় জানানো হয়েছে।ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ছাত্রী লাঞ্ছনার ঘটনায় লিখন, সুমন ও জীবন নামে তিন যুবকের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে লিখনের বাবা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার কর্মচারী আব্দুল আওয়ালকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।