বখাটে রেজাউল আরও মেয়েকে উত্ত্যক্ত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু স্কুলছাত্রী উম্মে কুলসুম ওরফে ইলোরাকে নয়, আট-দশজনের একটি দল নিয়ে আরও অনেক মেয়েকে উত্ত্যক্ত করেছে মা-বাবার অবাধ্য সন্তান রেজাউল। গভীর রাতে তার দলের ছেলেরা নন্দীপাড়ায় চুরি ও ছিনতাই করে। গতকাল রোববার খিলগাঁওয়ের নন্দীপাড়ায় গেলে এলাকাবাসী এই অভিযোগ করেন। স্কুলছাত্রী ইলোরা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হওয়া বখাটে রেজাউল করিমকে (১৯) গতকাল রোববার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে খিলগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে থানার ত্রিমোহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত শনিবার বিকেলে রাজধানীর রামপুরার দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ইলোরা খিলগাঁওয়ের মধ্য নন্দীপাড়ার বাসায় বিষপান করে। হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।পুলিশের জিজ্ঞাসাবাদে রেজাউল দাবি করেছে, সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ইলোরার সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। সে ইলোরাকে উত্ত্যক্ত করেনি কিংবা তার পরিবারকে হুমকি-ধমকিও দেয়নি। ইলোরার শোকার্ত মা-বাবা বখাটে রেজাউলের দাবি প্রত্যাখ্যান করে সাংবাদিকদের বলেন, ইলোরার সঙ্গে বখাটে রেজাউলের সম্পর্ক থাকার প্রশ্নই ওঠে না। তিন দিন আগেও স্কুল থেকে ইলোরাকে নিয়ে ফেরার পথে রেজাউল ইলোরার মায়ের পথরোধ করে এবং হুমকি দেয়। তা ছাড়া রেজাউলের পরিবার কখনো বিয়ের প্রস্তাব নিয়েও আসেনি। এ থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় উত্ত্যক্তের কারণে মেয়ে বিষপানে বাধ্য হয়। ইলোরার বোন নাজনীন সুলতানা অভিযোগ করেন, বখাটে রেজাউল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে দিনদুপুরে তাঁদের বাসার সামনে গাঁজা সেবন করেছে। রেজাউলের পরিবার মধ্য নন্দীপাড়ায় ৫ নম্বর সড়কের পাশে বসবাস করছে। ইলোরার মৃত্যুর পর রেজাউলের মা-বাবা বাসা ছেড়ে পালিয়ে গেছেন। জানা গেছে, গতকাল সকালে র‌্যাব সদস্যরা ইলোরার মৃত্যুর ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যান। ইলোরার পরিবার আওয়ামী লীগের এই নেতার কাছে বিচার চেয়েছিল। গত শনিবার রাতে ইলোরার বাবা নিজামউদ্দিন মোল্লা বাদী হয়ে বখাটে রেজাউলসহ পাঁচ-সাতজন অজ্ঞাত যুবককে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন। এজাহারে নিজামউদ্দিন উল্লেখ করেন, ‘...বাবর আলীর ছেলে রেজাউল করিম আমার মেয়েকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত এবং আজেবাজে কথা বলত। আমার মায়ের কাছে রেজাউলের এই আচরণ জানতে পেরে তাকে বিরত থাকতে বলি এবং তার অভিভাবককে বিষয়টি অবহিত করি। গত ৩১ মার্চ দুপুর সাড়ে ১২টায় বাসায় ফেরার পথে রেজাউলসহ পাঁচ-সাতজন আমার মেয়ে ও স্ত্রীর পথরোধ করে এবং হুমকি দেয়। আসামি রেজাউলের হুমকি-ধমকি ভয়ভীতি এবং উত্ত্যক্তের কারণে আমার মেয়ে মর্মাহত হয়ে পড়ে। একই সঙ্গে আমার মেয়ে সম্ভ্রমহানির আশঙ্কায় বিষাক্ত দ্রব্য খাইয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়।’ খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে উত্ত্যক্তের কারণে ইলোরা আত্মহত্যা করেছে। ইলোরার বয়স বিবেচনায় নিলে বোঝা যায় এই বয়সে প্রেম করার বিষয়টি গ্রহণযোগ্য নয়। গতকাল দুপুরে ইলোরাদের বাসায় গিয়ে দেখা যায়, স্বজনেরা তার মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ইলোরা পড়ার টেবিলে বই-খাতা সাজানো, তার কাপড়-চোপড় গোছানো। ইলোরার মা হালিমা নিজাম জানান, এক বছর ধরে রেজাউল দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের সামনে ওত পেতে থাকত। মেয়ে স্কুল থেকে বের হলে তাকে নানাভাবে উত্ত্যক্ত করত। নানা অঙ্গভঙ্গি করত। ১০-১২ দিন আগে রেজাউলদের বাসায় গিয়ে এই আচরণের কথা জানালে রেজাউলের বড় ভাই দায়িত্ব নেন তাঁর ভাইকে তাঁরা সামলাবেন। কিন্তু তাঁরা কিছুই করেননি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিনিধিদল: গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক দীনা হকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল নন্দীপাড়ায় ইলোরাদের বাসায় যায়। তারা ইলোরার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয় এবং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেয়। দীনা হক পুলিশকে মামলার তদন্ত দ্রুত শেষ করারও নির্দেশ দেন। এর আগে আওয়ামী লীগ নেতা স্থানীয় সাংসদ সাবের হোসেন চৌধুরী ওই বাসায় যান। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করার আশ্বাস দেন। ইলোরার শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের শিক্ষকেরা নন্দীপাড়ার বাসায় যান। তাঁরা বখাটে রেজাউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। গতকাল সরকারি ছুটির কারণে স্কুল বন্ধ ছিল। দাফন: ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল বিকেলে ইলোরার লাশ নন্দীপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিবৃতি: জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ছাত্র ইউনিয়ন ও অভিভাবক পরিষদ বখাটেদের উত্ত্যক্তের কারণে স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছে। পৃথক বিবৃতিতে এই মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনগুলো।