বখাটেদের ছুরিকাঘাতে ও লাঠিপেটায় বুয়েটের চার ছাত্র আহত
গায়ে পানি ছিটানোর প্রতিবাদ করায় গতকাল বুধবার রাতে কয়েকজন বখাটে যুবক ছুরিকাঘাত ও রড দিয়ে পিটিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চারজন ছাত্রকে মারাত্মকভাবে আহত করেছে। তাঁদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এঁরা হলেন বুয়েটের নৌযান ও নৌযন্ত্র বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মামুন, মিশু ও আওরঙ্গজেব।পুলিশ ও আহত ছাত্ররা জানান, বুয়েটের নৌযান ও নৌযন্ত্র বিভাগের তৃতীয় বর্ষের ২৭ জন শিক্ষার্থী ২১ দিনের বাস্তব প্রশিক্ষণের জন্য গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে ট্রেনযোগে খুলনা শিপইয়ার্ডের উদ্দেশে রওনা হন। রাত সাড়ে আটটার দিকে ট্রেনটি গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতির সময় বুয়েটের ছাত্রদের একজন তাঁরা ট্রেনের যে কামরায় ভ্রমণ করছিলেন তার দরজায় এসে দাঁড়ান। এ সময় স্টেশনের এক বখাটে যুবক ওই ছাত্রের গায়ে পানি ছিটিয়ে দেয়। ছাত্রটি এর প্রতিবাদ করলে বখাটে যুবকটি আবারও তাঁর গায়ে পানি ছিটিয়ে দেয়। একপর্যায়ে বখাটে যুবকের সঙ্গে ওই ছাত্রের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় স্টেশনের বেশ কয়েকজন যুবক তাঁকে ছুরিকাঘাত করে এবং রড দিয়ে পেটানো শুরু করে। সংবাদ পেয়ে অন্য ছাত্ররা এগিয়ে গেলে বখাটে যুবকেরা তাঁদেরও মারধর করে।একপর্যায়ে ট্রেনের চালক ট্রেন ছাড়ার সংকেত দিলে ছাত্ররা আহত চারজনকে ট্রেনে তুলে নেন। পরে রাত নয়টার দিকে ট্রেনটি মির্জাপুর রেলস্টেশনে পৌঁছালে গুরুতর আহত অবস্থায় তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজীপুরের পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।