বখাটেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শপথ হাজারো মানুষের
ইভ টিজিং ও বখাটেদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিয়েছে হাজারো মানুষ। তারা শপথ নিয়েছে নারীর প্রতি মর্যাদাহানিকর আচরণ না করারও। গতকাল রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত বিশাল সমাবেশে তারা এ শপথ করে। শপথবাক্য পাঠ করান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এ সমাবেশের আগে ছাত্রীদের নিরাপত্তায় বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে নগরের দুই শতাধিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী-শিক্ষক-অভিভাবক, শিক্ষাবিদ, কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ, নারী ও মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বসহ সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এ কর্মসূচিতে অর্ধ লক্ষাধিক মানুষ অংশ নেয়। সকাল পৌনে আটটায় মুক্তাঙ্গন থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে সেখানে ব্যানার নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ। ছিল ঢোল। শোভাযাত্রায় বখাটেদের প্রতিরোধে অংশগ্রহণকারীরা কিছুক্ষণ পর পর স্লোগান দিতে থাকে। শোভাযাত্রা এগোতে থাকে শহীদ মিনারের উদ্দেশে। শোভাযাত্রার কারণে সৃষ্ট যানজটে আটকে পড়া যানবাহনের আরোহীরা বিরক্তির বদলে হাত নেড়ে সমর্থন জানায় শোভাযাত্রাকে। বিশাল এ শোভাযাত্রা শহীদ মিনারে গিয়ে মিলিত হয় সমাবেশে। শিক্ষামন্ত্রী শপথ পাঠ করানোর পরও বিভিন্ন প্রতিষ্ঠানের মিছিল আসছিল শহীদ মিনারে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যা ধারণা করা হয়েছিল, তার চেয়েও শোভাযাত্রায় বেশি লোক অংশ নিয়েছে। এ থেকেই প্রমাণ হচ্ছে, সমাজ, জনগণ বখাটেদের প্রতিরোধ করতে সক্ষম। তিনি বলেন, সমাজের কিছু বিপথগামী বখাটে সন্ত্রাসীকে আর সহ্য করা হবে না। রাজধানীর মতো একই কর্মসূচি সারা দেশেও পালন করা হয়েছে। কর্মসূচির এখানেই শেষ নয়, সক্রিয় প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে।মন্ত্রী বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সর্বস্তরে সামাজিক আন্দোলন তৈরি করে বখাটে-সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে। প্রয়োজনে নতুন আইন করা হবে। তিনি জীবন ধ্বংস না করার জন্য বখাটেদের প্রতি আহ্বান জানান। শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গণমাধ্যমকর্মীদের বলেন, ইভ টিজিং প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ বাড়াতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ইভ টিজিং নারী আন্দোলনের ইস্যু ছিল। বর্তমানে তা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। তিনি বখাটেদের সমূলে উৎখাতের প্রতিজ্ঞা করেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, আজ থেকে ইভ টিজিংয়ের বিরুদ্ধে প্রতিরোধের শুরু হবে। বখাটেদের আর সহ্য করা হবে না।নারীনেত্রী শিরীন আখতার বলেন, ‘আমার আদরের সন্তান কার জন্য বখাটে হচ্ছে, তাকে চিহ্নিত করতে হবে।’ তিনি বখাটেদের উদ্দেশে বলেন, ‘তোমরা উত্ত্যক্ত করো না, বিদ্রূপ করো না। সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ে তোলো।’বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মাহফুজা খানম বলেন, ইভ টিজিং একটি মানসিক ব্যাধি। খেলার মাঠ, সুস্থ বিনোদনের মধ্য দিয়ে শিশুদের মানবিক গুণসম্পন্ন মানুষ তৈরির দায়িত্বটি রাষ্ট্রকেই পালন করতে হবে।চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘স্বাধীন দেশে আমরা চাই না, কিছু বখাটের কারণে ছাত্রী ও নারীরা আত্মাহুতি দিক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই প্রতিজ্ঞা করতে হবে, আর একটি প্রাণও যেন অকালে না হারায়।’শোভাযাত্রায় অংশ নেওয়া স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সংগঠনকে একত্র হয়ে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে ইভ টিজিং সমস্যার মোকাবিলা করতে হবে।সমাবেশে বক্তারা বলেন, সমাজে এ অবস্থা চলতে দেওয়া যাবে না। ক্ষুদ্র একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া যাবে না। সব শ্রেণীর মানুষকে সজাগ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর রশিদ, সাংসদ তারানা হালিম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম, শিক্ষক নেতা, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধি প্রমুখ শোভাযাত্রা ও সমাবেশে অংশ নেন।