সিনথিয়ার আত্মহত্যায় প্ররোচনাকারীদের শাস্তি দাবি
বখাটেদের মোকাবিলা করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বখাটে সন্ত্রাসীদের প্রতিরোধে জনমত গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে দেশব্যাপী। বখাটেদের ভয় না পেয়ে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে। জীবন একটাই, এই জীবন কোনোভাবে নষ্ট করা যাবে না।’ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী হাসনা রহমান সিনথিয়ার (১৬) আত্মহত্যার ঘটনায় আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার এ আলোচনা সভা হয়। সিনথিয়া গত বুধবার এক বখাটের অত্যাচারে আত্মহত্যা করে। আলোচনা সভা শেষে মন্ত্রী সিনথিয়াদের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় সিনথিয়ার মা-বাবা কান্নায় ভেঙে পড়েন।সিনথিয়ার আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মুন্সিগঞ্জ শহরে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) মুন্সিগঞ্জ শাখার উদ্যোগে শিল্পকলা একাডেমীর সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। আলোচনা সভায় শিক্ষামন্ত্রী বলেন, সিনথিয়ার আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচার অবশ্যই হবে। পুলিশ বিভাগের উদ্দেশে তিনি বলেন, ‘এমনভাবে তদন্ত প্রতিবেদন করতে হবে, যাতে এমন ঘটনা আর না ঘটে।’ মন্ত্রী আরও বলেন, বখাটে সন্ত্রাসের বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। শিক্ষকেরা যাতে শ্রেণীকক্ষে এ বিষয়ে পাঠদান করতে পারেন, সেজন্য তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি জানান, প্রচলিত আইনে বখাটেদের সাজা দেওয়া সম্ভব না হলে প্রয়োজনে নতুন আইন করা হবে। সিনথিয়ার নামে একটি একাডেমিক ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি। জেলা প্রশাসক আজিজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, পুলিশ সুপার শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী ও সিথিয়ার চাচা রুস্তম আলী।