বখাটেপনায় অতিষ্ঠ হয়ে গাইবান্ধায় স্কুলছাত্রীর আত্মহত্যা
বখাটেপনায় অতিষ্ঠ হয়ে গতকাল শুক্রবার রাতে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নিশ্চিতিপুর গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী নুরিনা আক্তার আত্মহত্যা করেছে। তার বাবার নাম নুরুন্নবী মিয়া।পুলিশ ও নুরিনার পারিবারিক সূত্র জানায়, নুরিনা পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার গৃরধারিপুর দাখিল মাদ্রাসা পড়াশোনা করত। দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুল গফফারের ছেলে শাহারুল ইসলাম তাঁকে উত্ত্যক্ত করে আসছিল। সে বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দেয়। নুরিনা তার প্রস্তাবে সাড়া দেয়নি। নুরিনার বাবা জানতে পেরে বিষয়টি শাহারুলের বাবা ও বড় ভাইকে অবহিত করেন। এতে শাহারুল ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকেলে নুরিনাদের বাড়ি গিয়ে নুরিনাকে বিয়ের প্রস্তাব দেয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সে ফেরার সময় নুরিনাকে জীবননাশের হুমকি দেয়। বিয়ষটি এলাকায় জানাজানি হলে নুরিনা ঘরের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন নুরিনার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দিলে রাত আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।এ ঘটনায় নুরিনার বাবা নুরুন্নবী মিয়া বাদী হয়ে শাহারুল ইসলামকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।নুরুন্নবী মিয়া বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করবে বুঝতে পারিনি। সে প্রায়ই আমাকে বলত, বাবা আমার আর পড়ালেখা হবে না। কিন্তু কেন হবে না প্রশ্ন করলে তার উত্তর পাইনি।’ তিনি বলেন, ওই বখাটের জন্যই তাঁর মেয়ে আত্মহত্যা করেছে। তিনি এর বিচার দাবি করেন।ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, শাহারুল এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার কারণে মেয়েটির মৃত্যু হলো। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া উচিত।সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম প্রথম আলোকে বলেন, বখাটে শাহারুলকে গ্রেপ্তারে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে।