বখাটের অত্যাচারে রংপুরে মেধাবী ছাত্রীর আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা ও বাবা, নাহিদ সবাইকে বলেছে যে ওর সাথে আমার না কি সম্পর্ক। এমন সব কথা নাহিদ বলেছে যা আমি লিখতে পারলাম না। সামনে আমার পরীক্ষা। নাহিদ আমাকে যেভাবে উত্ত্যক্ত করছে তাতে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমার মৃত্যুর জন্য দায়ী “নাহিদ”। ইতি রুমা। মা বাবা ও ভাই তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও।’ আত্মহননের আগে এই ছিল এসএসসি পরীক্ষার্থী মেধাবী ছাত্রী টুম্পা আকতার ওরফে রুমার শেষ লেখা। গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে সদর উপজেলার উত্তম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের নিজ ঘরে গলায় রশি পেঁচানো অবস্থায় রুমার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।এ ঘটনায় গতকাল রাত সাড়ে সাতটার দিকে বানিয়াপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে বখাটে নাহিদকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। রুমা রংপুর শহরের রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। দশম শ্রেণীতে তার ক্রমিক নম্বর ছিল দুই। মানবিক বিভাগ থেকে এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আরজা আরা প্রথম আলোকে বলেন, ‘রুমার আত্মহত্যার কথা শুনেছি। সে খুবই মেধাবী, নম্র স্বভাবের মেয়ে ছিল। উত্ত্যক্তের কথা সে আমাদের কখনো জানায়নি। জানতে পারলে আমরা কিছু একটা করতে পারতাম।’রুমার পারিবারিক সূত্র জানায়, এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য গতকাল রাইফেলস পাবলিক স্কুলে বাংলা প্রথম পত্রের মডেল টেস্ট ছিল। পরীক্ষা দিয়ে দুপুরে বাড়ি ফেরে রুমা। বিদ্যালয়ের পোশাক পাল্টে চলে যায় নিজের ঘরে। বিকেল তিনটার দিকে ওই ঘরের দরজা খুলে বাবা ও মা দেখতে পান গলায় রশি পেঁচানো অবস্থায় রুমার মৃতদেহ ঝুলে আছে। এ সময় তাঁদের আর্তচিৎকারে লোকজন ছুটে যায়। মুহূর্তেই স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।গতকাল বিকেলে বানিয়াপাড়া গ্রামে রুমাদের বাড়ি গিয়ে দেখা যায়, একমাত্র মেয়েকে হারিয়ে মা জোহরা বেগম আহাজারি করছেন। সারা বাড়ি ছুটোছুটি করছিলেন বাবা নূর ইসলাম। নূর ইসলাম অভিযোগ করে বলেন, ‘এক বছর ধরে গ্রামের বখাটে যুবক নাহিদ (২০) বিদ্যালয়ে যাতায়াতের পথে রুমাকে উত্ত্যক্ত করত। রুমাকে বিয়ে করারও প্রস্তাব দেয়। এ নিয়ে গ্রামে দুইবার সালিস হয়। কিন্তু নাহিদ গ্রামবাসীর কথা শোনেনি।’এলাকাবাসী জানায়, শহরের সিও বাজারে একটি ওষুধের দোকানে কাজ করে নাহিদ। তবে মেধাবী ছাত্রী রুমাকে উত্ত্যক্ত করাই ছিল নাহিদের প্রতিদিনের কাজ। সালিসে সে রুমাকে উত্ত্যক্ত করবে না বলেও প্রতিশ্রুতি দেয়। কিন্তু কিছুদিন বিরতি দিয়ে আবার রুমাকে উত্ত্যক্ত করা শুরু করে।এলাকাবাসী জানায়, বেশ কয়েক বছর আগে নাহিদের মায়ের সঙ্গে তার বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে সে মাকে নিয়ে বানিয়াপাড়া গ্রামের বাড়িতে থাকত।উত্তম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন জানান, ঘটনা জানার পর তিনি রুমাদের বাড়িতে যান এবং আত্মহত্যার খবর পুলিশকে জানান।রুমার পরিবার ও এলাকাবাসী বখাটে নাহিদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়দার আলী মোল্লা গতকাল রাতে জানান, মেধাবী ছাত্রীর আত্মহত্যার খবর জানার পর পরই পুলিশ অভিযান চালিয়ে বখাটে নাহিদকে আটক করে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।ওসি জানান, রুমার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।