বখাটের অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, নারীদের উত্ত্যক্তকারী বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাঁচা চামড়া পাচারসংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে বখাটেরা নারীদের উত্ত্যক্ত করলেও তাদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই প্রেক্ষাপটে এখন থেকে ইভ টিজিংয়ের অভিযোগে বখাটের পাশাপাশি তাদের অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নারীদের উত্ত্যক্ত করলে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ইভ টিজিংয়ের অপরাধের বিচার ভ্রাম্যমাণ আদালতে করার জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে বিশেষ বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এই প্রস্তাবে ইভ টিজিংয়ের বিচার ভ্রাম্যমাণ আদালতের ৫৯০ নম্বর ধারায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় কয়েক দিনের মধ্যে মতামত দিলে ইভ টিজিংয়ের অপরাধের বিচার ভ্রাম্যমাণ আদালতের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি জানান, আসন্ন ঈদুল আজহায় কেউ যেন পশুর হাটে চাঁদাবাজি করতে না পারে সে ব্যাপারে বৈঠকে পুলিশকে সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ঈদুল আজহার সময় পশুর চামড়া যেন পাচার না হয়, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করা হয়েছে। চামড়া পাচার রোধে সীমান্ত ও বিভিন্ন হাইওয়েতে পুলিশি টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহার সময় প্রতিটি পশুর হাটের নিরাপত্তাব্যবস্থা জোরদারের জন্য হাটগুলোতে পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।আসন্ন ঈদুল আজহায় পশুর অ্যানথ্রাক্স রোগ কোনো প্রভাব সৃষ্টি করবে কি না, এমন এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, দেশে এ মুহূর্তে অ্যানথ্রাক্সের কোনো অস্তিত্ব নেই।