বখাটের অশালীন কাণ্ড, কিশোরীর মৃত্যু
বিয়ে একদম পাকা। গত বুধবার বর আসার কথা ছিল। কিন্তু বাদ সাধল এক বখাটের অশালীন কাণ্ড। এতে শুধু পারুল মণ্ডলের বিয়েই ভাঙেনি, মনের দুঃখে মেয়েটি বিষপানে আত্মহত্যাও করেছে। গত বুধবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের নয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পারুল স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। পারুলের মা বাসন্তী মণ্ডল গতকাল প্রথম আলোকে জানান, ২০ মে বিকেল চারটার দিকে তিনি তাঁর একমাত্র মেয়ে পারুলকে নিয়ে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে খালিয়া গ্রামের একটি পুকুর থেকে খাওয়ার পানি আনতে যাচ্ছিলেন। পথে খালিয়া গ্রামের বখাটে বেল্লাল হোসেন পারুলকে জাপটে ধরে অশালীন আচরণ করে। এ সময় একই গ্রামের বখাটে হাসান হাবিব (২০), মো. হাবিবুল্লাহ (১৮) ও অমরেশ হালদার (১৪) বেল্লালের সঙ্গে ছিল। একই দিন সন্ধ্যায় এ ব্যাপারে বেল্লাল হোসেনের বাড়িতে সালিস বসে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবু মছার নেতৃত্বে সালিসে ক্ষমা চায় বেল্লাল। আবু মছা প্রথম আলোকে বলেন, সালিসে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে এ ঘটনার কথা গোপন রাখতে উপস্থিত লোকজনকে অনুরোধ করা হয়।বাসন্তী মণ্ডল জানান, তাঁর মেয়ের সঙ্গে একই উপজেলার ফটিকখালি গ্রামের সুধাংশু গাইনের ছেলে প্রিয়ঙ্কর গাইনের বিয়ে ঠিক হয়। বিয়ের লগ্ন ছিল বুধবার সন্ধ্যায়। কিন্তু বিয়ের দিন সকালে প্রিয়ঙ্করের বন্ধু সমীর মণ্ডলসহ কয়েকজন যুবক এসে জানান, বেল্লালের ওই কাণ্ডের জন্য পারুলকে বিয়ে করবে না প্রিয়ঙ্কর। সন্ধ্যায় বিয়ের লগ্ন পার হওয়ার পর বিষপানে পারুল আত্মহত্যা করে। সাতক্ষীরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার পারুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ।আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, এ ঘটনায় পারুলের বাবা রঞ্জন মণ্ডল ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অমরেশ হালদার ও সমীর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই বখাটে হাসান হাবিবের বাবা রেজাউল করিম ও হাবিবুল্লাহর বাবা শহর আলীকে আটক করা হয়েছে।