বখাটের উৎপাত
‘কোচিং সেন্টার থেকে মাত্র বের হয়েছি। ঠিক এ সময় দৌড়ে এসে একটি ছেলে আমার হাতে কয়েকটি ফুল ও একটি কাগজের টুকরো দিয়ে পালিয়ে যায়। ওই ছেলেটিকে আমি প্রায় সময়ই গলিপথে দাঁড়িয়ে থাকতে দেখি। এ ধরনের অসংখ্য ঘটনা আমাদের সহপাঠীদের হচ্ছে। অনেক বখাটেরা আবার কুরুচিপূর্ণ মন্তব্যও করে। এগুলো না পারি কাউকে বলতে, আবার না পারি সইতে। বখাটেদের বিশ্রী কথা শুনে শরীর জ্বলে ওঠে। মনে হয় ধরে চড় কসাই।’ এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন সিলেট সরকারি মহিলা কলেজের এক ছাত্রী। তিনি নগরের চৌহাট্টা এলাকার একটি কোচিং সেন্টারে পড়েন। ছাত্রীরা অভিযোগ করেন, কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে স্থানীয় বখাটের উৎপাতে ছাত্রীরা অতিষ্ঠ থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, নগরের চৌহাট্টা, লামাবাজার, শিবগঞ্জ, হাওয়াপাড়া, মীরাবাজার, পাঠানটোলা, সুবিদবাজার, শেখঘাট, মীর্জাজাঙ্গাল, দাড়িয়াপাড়া, টিলাগড়, মেজরটিলাসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কোচিং সেন্টারকেন্দ্রিক বখাটেরা নিয়মিত সকাল-বিকেল বাজে ইয়ার্কি-আড্ডায় মত্ত থাকে। এসব এলাকার কোচিং সেন্টারগুলোতে পড়তে আসা ছাত্রীদের টার্গেট করে বখাটেরা কুরুচিপূর্ণ অশ্লীল মন্তব্য করার পাশাপাশি অনেক সময় নানা হয়রানি করে। মান-সম্মানের ভয়ে ছাত্রীরা এসব ঘটনা এড়িয়ে গেলেও সার্বক্ষণিক তাদের আতঙ্কে থাকতে হয়।হাওয়াপাড়া এলাকার কোচিং সেন্টারের এক ছাত্রী বলেন, রাস্তায় দাঁড়িয়ে বখাটেরা মেয়েদের লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করে। কিন্তু পরবর্তী সমস্যার কথা ভেবে নিজেকে সামলে নিতে হয়। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, বখাটেদের উৎপাত বন্ধে পুলিশের কড়া নজরদারি রয়েছে। প্রয়োজন হলে বিভিন্ন কোচিং সেন্টারের রাস্তায় টহল আরও বাড়ানো হবে।