বখাটের কাছে মেয়ে বিয়ে না দেওয়ায় ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় মেয়েকে এক বখাটে যুবকের কাছে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা এক স্কুলশিক্ষকের বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার দক্ষিণ কূপদোন গ্রামে এ ঘটনা ঘটেছে।প্রতিবেশীরা জানান, শুক্রবার রাত দুইটার দিকে শিক্ষক আব্দুল বারী আজাদের ঘরের চারপাশে ধানের কুটা বিছিয়ে তাতে কেরোসিন ছিটিয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের দুটি বারান্দা সম্পূর্ণ পুড়ে যায় এবং অনেক মালামাল ভস্মীভূত হয়। বাড়ির লোকজন আগুন টের পেয়ে চিত্কার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আব্দুল বারী সদর উপজেলার চরমাইছা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।আব্দুল বারী আজাদ জানান, তাঁর মেয়ে তামান্না আক্তার পাথরঘাটার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। কিন্তু এক বখাটের হুমকিতে গত বছর নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পর থেকে নিরাপত্তার অভাবে তাকে আর স্কুলে পাঠানো সম্ভব হয়নি।আব্দুল বারী অভিযোগ করেন, ‘দক্ষিণ কূপদোন ইউনিয়নের চরদুয়ানী গ্রামের খায়ের মিয়ার ছেলে আব্দুল কাদের গত ঈদুল আজহার পর থেকে স্কুলে যাওয়ার পথে তামান্নাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বখাটে কাদের তামান্নাকে বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু আমরা রাজি না হওয়ায় কাদের বিভিন্নভাবে আমাদের হুমকি-ধমকি দিতে থাকে। সে-ই লোকজন নিয়ে আমাদের ঘরে আগুন দিয়েছে।’কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘এক বখাটের উত্পাতের কারণে ভীতসন্ত্রস্ত হয়ে তামান্নার বাবা-মা মেয়েটিকে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা ওর পরিবারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছিলাম। কিন্তু তাঁরা মেয়েকে স্কুলে পাঠাতে সাহস পায়নি।’পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনার পর মামলা করার জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা থানায় এসেছিল। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ খোঁজখবর নিচ্ছে।