বখাটের গুলিতে চোখ হারাল স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার এক বখাটের ছোড়া এয়ারগানের গুলিতে পপি আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহমেদ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পপি ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং খিরনশাল গ্রামের দুবাই-প্রবাসী আতর ইসলামের মেয়ে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পাশের ফুলমুড়ি গ্রামের বখাটে গোলাপ হোসেন, রায়হান, শাকিল হাজারী ও শাহাদাত হোসেন ওই বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় একজন বখাটে পপির চোখ লক্ষ্য করে গুলি ছোড়ে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসী ধাওয়া করে শাকিল ও শাহাদাতকে এয়ারগানসহ আটক করে পিটুনি দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়, অন্য দুজন পালিয়ে যায়। শাকিল কুমিল্লা শহরের ইবনে তাইনিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। সে মুন্সীরহাট উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। রায়হানের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।বিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী শিক্ষক-শিক্ষার্থী জানান, গতকাল সকালে ক্লাস শুরু হওয়ার ১০ মিনিট আগে পপি শ্রেণীকক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় গোলাপ, রায়হান, শাকিল ও শাহাদাত বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল।আটক শাকিল ও শাহাদত পুলিশ ও সাংবাদিকদের জানায়, পাখি শিকারে তারা খিরনশাল গ্রামে আসে। এয়ারগানটি শাহাদাতের প্রয়াত চাচার। ঘটনার সময় এয়ারগানটি গোলাপের হাতে ছিল। গোলাপই পপির চোখ লক্ষ্য করে গুলি ছোড়ে। এর কারণ তাদের জানা নেই। গোলাপ ফুলমুড়ি গ্রামের মাহবুবুল হকের ছেলে।পপির সহপাঠী প্রত্যক্ষদর্শী আসমা, প্রিয়া, নাজমা, জোশেল, আরমানের ভাষ্য, ‘আমরা পপির খুব কাছেই ছিলাম। একটি ছেলে পপিকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে।’বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবুল হক বলেন, ‘আমিও একটি ছেলেকে খুব কাছ থেকে পপিকে গুলি করতে দেখেছি। এত ছোট একটি মেয়েকে কেন সে গুলি করল, এ প্রশ্নের জবাব খুঁজে পাচ্ছি না।’প্রত্যক্ষদর্শীরা জানান, চোখে গুলিবিদ্ধ পপিকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে নেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পপির গুলিবিদ্ধ ডান চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিত্সার জন্য তাকে চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে পাঠানো হয়। পপির সঙ্গে থাকা শিক্ষক মো. বাবুল মিয়া মুঠোফোনে জানান, পাহাড়তলী থেকে পপিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে এখন পপি চিকিত্সাধীন।মুঠোফোনে যোগাযোগ করা হলে পপির মা আয়েশা বেগম বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।’ তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, দুই বখাটেকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।