বখাটের লাঠির আঘাতে যুবদল নেতার মৃত্যু
যশোরের সদর উপজেলার উপশহর ই-ব্লক এলাকায় গতকাল সোমবার রাতে বখাটের লাঠির আঘাতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানের (৪৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ই-ব্লকের বাসিন্দা হিরণের নেতৃত্বে এলাকার কয়েকটি বাড়ির চালে ইট ছোড়ে কিছু বখাটে যুবক। স্থানীয় লোকজন তাদের মারধর করে। আশিকুর শহর থেকে বাড়ি ফেরার পথে ঢিল ছোড়ার ঘটনা শুনে হিরণকে চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে হিরণ বাড়ির ভেতর থেকে একটি লাঠি এনে পেছন থেকে আশিকুরের মাথায় আঘাত করেন। গুরুতর আহত আশিকুরকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক জানান, এ ঘটনার পর আজ মঙ্গলবার থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, শোকসভা ও কালো ব্যাজ ধারণ।ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।