বখাটের সঙ্গে বিয়ে না দেওয়ায় প্রাণ দিতে হলো বাবাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটে যুবকের সঙ্গে মেয়ের বিয়ে না দেওয়ায় প্রাণ দিতে হলো এক বাবাকে। নিহত ওই ব্যক্তির নাম মনির হোসেন (৪৫)। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাহাদুরপুর গ্রামে তাঁর বাড়ি। গত মঙ্গলবার রাতে রাস্তায় ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।এদিকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে ঠাকুরগাঁও ও সাতক্ষীরায় দুই বখাটেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মনির হোসেন ঢাকার যাত্রাবাড়ীতে মাছের ব্যবসা করেন। একই গ্রামের বখাটে যুবক আবদুল হান্নানও যাত্রাবাড়ীতে একটি মুদির দোকানে কাজ করেন। মনির হোসেনের এক মেয়ে (১৮) তাঁর কাছে থেকে কদমতলী থানার মুরাদপুর উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করত। স্কুলে যাওয়া-আসার পথে তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন হান্নান। তিনি তাকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু এতে রাজি না হওয়ায় মনির হোসেনকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দিতে থাকেন হান্নান। অবস্থা বেগতিক দেখে মনির হোসেন তাঁর মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়ে গত বৃহস্পতিবার দাউদকান্দি এলাকায় বিয়ে দেন। এতে হান্নান আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। মঙ্গলবার রাতে মনির হোসেন শিকিরচর থেকে বাহাদুরপুর যাওয়ার পথে হান্নান তাঁর গতিরোধ করেন। পরিস্থিতি ভালো না দেখে মনির হোসেন তাঁর ভাই রবিউল সরকারকে ফোন করেন। রবিউল সরকার বলেন, ‘ভাইয়ের মোবাইল ফোন পাওয়ার পর দৌড়ে গিয়ে দেখি, হান্নান তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যাচ্ছেন।’প্রত্যক্ষদর্শী ও একই গ্রামের বাসিন্দা নিবারণ নেছা জানান, ‘আমরা একসঙ্গেই শিকিরচর খালে নৌকা পার হই। কূলে উঠে কিছুদূর যাওয়ার পর হঠাৎ চিৎকার শুনতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, রক্তাক্ত অবস্থায় মনির হোসেন পড়ে আছেন।’নিহত মনিরের আরেক ভাই ছানাউল্যা সরকার জানান, হান্নান বখাটে যুবক। সে এলাকায় গাঁজা, মদ খেত। বখাটে হওয়ায় তার কাছে আমাদের ভাতিজিকে বিয়ে দিতে রাজি হইনি। হান্নানের অত্যাচারে আমার ভাতিজিকে লেখাপড়া করার জন্য এলাকা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেও তাঁকে উত্ত্যক্ত করা থামেনি।নিহত মনির হোসেনের স্ত্রী লেবু বেগম বিলাপ করে বলেন, ‘আমি এখন কোথায় যাব। কে আমার সংসার দেখবে। আমি মেয়েদের নিয়ে কী করে সংসার চালাব?’ মনির হোসেন পাঁচ সন্তানের জনক।মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুস্তম আলী শিকদার জানান, পুলিশ বাহাদুরপুর গিয়ে অভিযুক্ত হান্নানকে পায়নি। তাঁর পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে।ঠাকুরগাঁও: ঢাকার তুরাগ থানার কামারপাড়ার বখাটে যুবক ইসমাইল ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার এক গৃহবধূকে মুঠোফোনে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি তিনি ঠাকুরগাঁওয়ে গিয়ে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। মঙ্গলবার রাতে গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। এ সময় এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার তারানি গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন বখাটে যুবক ওয়েজকুরুনি ও তাঁর বন্ধুরা। এর প্রতিবাদ করায় বখাটে যুবকেরা তাকে নানা হুমকি-ধমকি দিতে শুরু করেন। এ ব্যাপারে মঙ্গলবার সকালে থানায় অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওয়েজকুরুনি ও তাঁর এক বন্ধুকে আটক করে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বীর আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওয়েজকুরুনিকে দুই মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন। দোষী প্রমাণিত না হওয়ায় তাঁর বন্ধু রিজুকে ছেড়ে দেওয়া হয়েছে।