বখাটের হাতে প্রাণ গেল মুক্তিযোদ্ধার!
কলেজপড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ ও পুলিশকে জানানোয় মুক্তিযোদ্ধা স্কুলশিক্ষক মো. জিন্নাত আলীকে (৫৮) কুপিয়ে হত্যা করেছেন উত্ত্যক্তকারী ও তাঁর এক সহযোগী। গতকাল শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে জিন্নাত আলীর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উত্ত্যক্তকারী রূপম দে ওরফে অনিকের (২৪) সহযোগী আরিফুর রহমান ওরফে মিঠুকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।নগরের এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জিন্নাত আলীর বাড়ি রূপাতলী চান্দু মার্কেটের কাছে। প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে ২০১০ সালে বন্ধুসভা বরিশাল শাখা যে ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন জিন্নাত।রূপাতলী এলাকাবাসীর ভাষ্যমতে, কয়েক মাস ধরে নগরের বাজার রোড এলাকার বখাটে সন্ত্রাসী রূপম বরিশাল মডেল স্কুল ও কলেজে একাদশ শ্রেণীতে পড়ুয়া জিন্নাতের ছোট মেয়েকে উত্ত্যক্ত করতেন। জিন্নাতের স্ত্রী শিরিন আক্তার বলেন, ‘মেয়েকে উত্ত্যক্ত করায় জিন্নাত বেশ কয়েকবার সতর্ক করলে উল্টো তাঁকে হত্যার হুমকি দেয় রূপম। এ ব্যাপারে দেড় মাস আগে নগরের কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন জিন্নাত। এতে আরও ক্ষুব্ধ হয় রূপম। গত শুক্রবার দুপুরে রূপম আমাদের বাসায় মুঠোফোন করে জিন্নাতকে হত্যা এবং মেয়েকে অপহরণের হুমকি দেয়।’প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুক্রবার রাতে সাগরদী বাজার থেকে বাড়ি ফিরছিলেন জিন্নাত। বাড়ি থেকে ৫০ গজ দূরে রূপাতলী চান্দু মার্কেট এলাকায় পৌঁছানোর পর রূপম ও তাঁর সহযোগী আরিফুর জিন্নাতকে ঘিরে ধরেন। তাঁরা জিন্নাতের পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দ্রুত পালিয়ে যান।জিন্নাতের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন জিন্নাতকে দ্রুত উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে গৌরনদী এলাকায় তাঁর মৃত্যু হয়। প্রতিবাদে সড়ক অবরোধ: জিন্নাত আলীর মৃত্যুর খবরে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বরিশাল নগরের রূপাতলী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। তারা রূপম ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সিটি করপোরেশনের দুজন কাউন্সিলর ও পুলিশ গিয়ে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদ বরিশালের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রথম আলোকে বলেন, ‘জিন্নাত আলী একজন খাঁটি, নিভৃতচারী মানুষ। তাঁকে হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’একই দাবি জানিয়েছে এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল শাখাসহ বিভিন্ন সংগঠন।পরিবারে আহাজারি: গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুক্তিযোদ্ধা জিন্নাতের লাশ তাঁর বাড়িতে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনেরা। উত্ত্যক্তের শিকার জিন্নাতের কলেজপড়ুয়া মেয়ে প্রথম আলোকে বলেছে, ‘বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর রূপম রাতে মুঠোফোনে হুমকি দিয়ে জানতে চায়, বাবা বেঁচে আছে কি না।’রূপমের স্বীকারোক্তি: জিন্নাতের মৃত্যুর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রূপমের মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আরিফুর রহমান মিঠুর নির্দেশে জিন্নাত আলীর পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছি।’পুলিশের বক্তব্য: কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেড় মাস আগে মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর মেয়েকে উত্ত্যক্ত এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জিন্নাত একটি জিডি করেন। কিন্তু উত্ত্যক্তের ঘটনাস্থল আমার থানাধীন এলাকা না হওয়ায় জিন্নাতকে কোতোয়ালি মডেল থানায় আরেকটি জিডি করতে বলি।’ এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. সাহিদুজ্জামান বলেন, ‘আমরা জিডির বিষয়টি জানতাম না। জানলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারতাম।’ ওসি বলেন, ইতিমধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরিফুরকে গ্রেপ্তার করা হয়েছে। রূপমকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার জিল্লুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা জিন্নাত আলীর জিডির পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা তদন্তের জন্য সহকারী পুলিশ কমিশনার এ বি এম মাসুদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অবহেলার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।