বখাটের হাতে স্কুলছাত্রীর বাবা খুন
বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মেয়েকে উত্ত্যক্ত করত বখাটেরা। এলাকাবাসী ও থানায় অভিযোগ করেও প্রতিকার পাচ্ছিলেন না স্কুলছাত্রীর বাবা বাদশা মিয়া (৫৫)। একপর্যায়ে মেয়েটির পড়াশোনাও বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে বখাটেরা বাদশা মিয়াকে কুপিয়ে হত্যা করেছে। গত শনিবার রাতে সিলেট শহরতলির বালুচরের দলদলি চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, ‘বখাটেপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাদশা মিয়া যে খুন হয়েছেন, প্রাথমিক তদন্তে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তবে এর সঙ্গে অন্য কোনো বিরোধ রয়েছে কি না, পুলিশ তদন্ত করছে।’ ওসি জানান, মামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হারুন আহমদ (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। বখাটে বাবুলসহ অন্যরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, দলদলি চা-বাগান এলাকায় দুই ছেলে ও পাঁচ মেয়ে নিয়ে বাস করতেন বাদশা মিয়া। লাক্কাতুড়া চা-বাগানে কর্মচারী পদে চাকরি করতেন তিনি। বাদশার এক মেয়ে (১৪) সেখানে একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ত। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত দলদলি এলাকার বাবুল আহমদ (২০)। এ ব্যাপারে এলাকার মুরব্বিদের কাছে বিচার দিয়েও প্রতিকার পাননি বাদশা। প্রায় এক মাস আগে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও তিনি দেন। কিন্তু এর পরও কোনো প্রতিকার না পেয়ে একপর্যায়ে মেয়ের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। এতে বখাটে বাবুল আরও বেপরোয়া হয়ে ওঠে। এলাকাবাসী জানান, শনিবার রাত সাড়ে আটটার দিকে বাদশা বাড়ি থেকে বালুচর নয়াবাজারে যাচ্ছিলেন। পথে বাবুল কয়েকজন সঙ্গী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বাদশার মাথায় একাধিক আঘাত করে পালিয়ে যায়। কয়েকজন পথচারী বাদশাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। পথে রাত নয়টার দিকে বাদশার মৃত্যু হয়। বাদশার ছেলে মনির হোসেন জানান, গত দেড় মাসে তাঁর স্কুলপড়ুয়া বোনকে অসংখ্য চিঠি দিয়ে বিয়ের প্রস্তাব দেয় বাবুল। বিয়ে না দিলে পরিবারের সদস্যদের হত্যাসহ বোনকে অপহরণের হুমকি দেয়। প্রস্তাবে তাঁর বাবা রাজি ছিলেন না। এ কারণে বাবুল তাঁর বাবাকে হত্যা করেছে। মনির জানান, হাসপাতালে নেওয়ার সময় তাঁর বাবা উদ্ধারকারীদের জানিয়েছেন, হামলার সময় বখাটে বাবুল, তার এক বোনজামাইসহ সাত-আটজন ছিলেন। তাদের আসামি করে গতকাল কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে। পুলিশ জানায়, সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে গতকাল রোববার বাদশা মিয়ার ময়নাতদন্ত হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়। গতকাল দুপুরে দলদলি চা-বাগান এলাকায় গিয়ে জানা যায়, চা-বাগানের বসতবাড়ি থেকে শুরু করে পাশের বালুচর ও নয়াবাজার এলাকায় বখাটে হিসেবে বাবুল পরিচিত। ওই এলাকায় বাবুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী এক ব্যক্তি জানান, রাতের ঘটনার পর থেকে বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না।