বখাটের হামলায় তিনজন ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার খাসনওগাঁ এলাকায় মাকে উত্ত্যক্তকারী এক বখাটের হামলায় ছেলে ও বাবাসহ তিনজন ছুরিকাহত হয়েছেন।ছুরিকাহত ব্যক্তিরা হলেন আবদুল হান্নান (৪২), তাঁর ছেলে ফসিউর রহমান (১৪) ও তাঁদের আত্মীয় আকরাম হোসেন (৩৮)। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আজ রোববার তাঁদের নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ছুরিকাহত আবদুল হান্নান জানান, লেকু নামের এক বখাটে এক বছর ধরে তাঁর স্ত্রীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ বছরের শুরুর দিকে তিনি নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ নিয়ে পরে থানায় একটি সালিস হয়। সালিসে লেকু মুচলেকা দেয়, সে আর কখনো এ ধরনের কাজ করবে না। কিন্তু থানা থেকে এসেই আবার সে একই কাজ শুরু করে এবং তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। এরই জের ধরে গতকাল সন্ধ্যার পরে লেকু তাঁদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকে। তাকে দেখে তাঁর স্ত্রী চিত্কার করে লোকজন ডাকার কথা বললে সে আবার প্রাচীর টপকে বাইরে গিয়ে তাঁদের শাসাতে থাকে। এ সময় তাঁর ছেলে ফসিউর বাইরে বের হলে লেকু ফসিউরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে হান্নান ও আকরাম হোসেন ফসিউরকে বাঁচাতে গেলে লেকু তাঁদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রাতেই তাঁদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান বলেন, তাঁদের চিকিত্সা চলছে। তাঁরা এখন আশঙ্কামুক্ত।