বগি লাইনচ্যুত হয়ে কনটেইনার বস্তিতে, একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল বৃহস্পতিবার কনটেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাশের বস্তির ওপর পড়ায় একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে নারী-শিশুসহ আরও অন্তত ১০ জন। বনানীর চেয়ারম্যানবাড়ী-সংলগ্ন সৈনিক ক্লাবের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত মজিবুর রহমান (৪৫) একজন রিকশাচালক।ঘটনা তদন্তে রেলওয়ের ঢাকা বিভাগের প্রধান কর্মকর্তা সালাউদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে সৈনিক ক্লাবের দক্ষিণ দিকে ৩০০ গজ দূরে ওই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এ সময় মাঝখানের লাইনচ্যুত বগি থেকে একটি কনটেইনার বিকট শব্দে অন্তত ১৫-২০টি বস্তিঘরের ওপর আছড়ে পড়ে। মহাখালী ডিওএইচএসের সীমানা দেয়াল-সংলগ্ন বস্তিঘরগুলো মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে যায়। কনটেইনারের নিচে চাপা পড়ে ঘরগুলোর বাসিন্দারা। তাদের আর্তনাদ শুনে প্রথমে আশপাশের লোকজন এগিয়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাসদস্যরা এসে নারী, শিশুসহ অন্তত ১১ জনকে উদ্ধার করেন। এদের মধ্যে বস্তিবাসী রিকশাচালক মজিবুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বহু উৎসুক মানুষের ভিড়। বিধ্বস্ত বস্তিঘরগুলোর মালপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সেনাসদস্যরা উদ্ধারকাজ চালাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি কিংবা কনটেইনারের ভার বহন করতে না পেরে লাইনচ্যুতির ঘটনা ঘটতে পারে।উদ্ধারকাজ তদারককারী ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘অন্যদের সঙ্গে সেনাবাহিনী উদ্ধারকাজে অংশ নিয়েছে। নির্মাণাধীন উড়ালসেতুতে ব্যবহূত ক্রেন দিয়ে কনটেইনার সরানো হচ্ছে।’ ঘটনার পর পশ্চিম দিকের লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা দুইটার পর রেলওয়ের মহাপরিচালক আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেল চারটার পর লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আনিস মিয়া বলেন, তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলেও বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি চলে যায়। এরপর তিনি অন্য কয়েকজনের সঙ্গে মিলে দুমড়ে যাওয়া বস্তিঘরের ভাঙাচোরা টিন ও বাঁশ সরিয়ে মজিবুরকে বের করেন। চাপাপড়া ঘরের ভেতরে তাঁর আড়াই বছরের শিশুসন্তান জাহিদুর রহমানকে অক্ষত পাওয়া যায়। একে একে অন্য কয়েকটি ঘর থেকে কমবেশি আহত আরও ১০ জনকে উদ্ধার করা হয়। বস্তিবাসী লোকজন জানান, দুর্ঘটনার সময় বেশির ভাগ মানুষ বস্তির বাইরে কাজে ছিলেন। তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত। নিহত মজিবুরের স্ত্রী জাহারা বেগম বিলাপ করছিলেন, ‘আমার সব শ্যাষ অইয়া গ্যাছে!’ প্রথম আলোকে তিনি জানান, একমাত্র সন্তান জাহিদুলকে স্বামীর কাছে রেখে এক বাসায় কাজ করতে গিয়েছিলেন। তিনি দুপুরে বাসায় ফেরার পর তাঁর স্বামীর রিকশা চালাতে বের হওয়ার কথা ছিল।রিকশাচালক মজিবুরের মৃত্যুর ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।