বগুড়া-জয়পুরহাটের তিন সড়কপথে বাস চলাচল বন্ধ
বগুড়া ও জয়পুরহাট জেলার তিন রুটে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বগুড়ার বাস মালিকেরা। বগুড়া-জয়পুরহাট সড়কপথে নতুন দুটি বাস নামানোর ঘটনাকে কেন্দ্র করে জয়পুরহাট জেলার মালিকদের সঙ্গে বিরোধের জের ধরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই ঘটনায় আগামীকাল রোববার থেকে বগুড়া-জয়পুরহাট সড়কপথে সব ধরনের সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধ করার ঘোষণা দিয়েছেন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা।একই দ্বন্দ্বের কারণে এক সপ্তাহ ধরে নিজ নিজ জেলার সড়ক সীমানা পর্যন্ত বাস চালাচ্ছিলেন দুই জেলার মালিকেরা। কিন্তু গতকাল শুক্রবার বিকাল থেকে বগুড়ার মালিকেরা বগুড়া-জয়পুরহাট সড়কপথে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আজ থেকে ওই সড়কপথ ছাড়াও বগুড়া-আক্কেলপুর এবং সান্তাহার-জয়পুরহাট সড়কপথেও বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়।এদিকে, মালিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। শনিবার সরকারি অফিস খোলা থাকায় অনেকে বগুড়া থেকে হেঁটে বিভিন্ন উপজেলায় অফিস করেন।বগুড়া মটর মালিক গ্রুপ ও জয়পুরহাট বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, বগুড়ার সঙ্গে জয়পুরহাটের ওই তিন রুটে দুই জেলার মালিকদের ১০৬টি বাস চলাচল করে। এর মধ্যে বগুড়া-জয়পুরহাট রুটে বগুড়ার মালিকদের ৩০টি এবং জয়পুরহাটের মালিকদের ২২টি বাস এতদিন চলাচল করত।গত ২২ মার্চ জয়পুরহাটের মালিকেরা এ রুটে তাঁদের আরও দুটি বাস নতুন করে নামালে তাতে আপত্তি তোলেন বগুড়ার বাস মালিকেরা। এ নিয়ে বিরোধ দেখা দিলে বগুড়ার মালিকেরা তাঁদের জেলার টার্মিনাল থেকে জয়পুরহাটের মালিকদের বাস বের করে দেন। প্রতিবাদে বগুড়ার মালিকদের বাস জয়পুরহাট টার্মিনাল থেকে বের করে দেন সেখানকার মালিকেরা।ওই ঘটনায় গত রোববার থেকে দুই জেলার তিন রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিজ নিজ জেলার সড়ক সীমানা পর্যন্ত বাস চালানোর সিদ্ধান্ত নেন উভয় জেলার মালিকেরা।কিন্তু এক সপ্তাহের মাথায় বগুড়ার মালিকেরা ওই তিনটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেন।বগুড়া মটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, মালিক-শ্রমিক সংগঠনের যৌথ সিদ্ধান্তে জয়পুরহাটের সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকে বগুড়া-জয়পুরহাট রুটে সব ধরনের সিএনজিচালিত অটোরিকশা, ভটভটিসহ অন্য যানবাহনও বন্ধ থাকবে।জয়পুরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন অভিযোগ করেন, বগুড়া-জয়পুরহাট রুটে দুই ঘণ্টা করে সময় ভাগাভাগি করে দুই জেলার মালিকেরা বাস চালান। এই দুই ঘণ্টায় বগুড়ার মালিকদের বাস চলাচল করলে জয়পুরহাটের মালিকদের বাস বন্ধ থাকে। পরবর্তী দুই ঘণ্টা জয়পুরহাটের বাস চলার সময় বগুড়ার মালিকদের বাস বন্ধ থাকে। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে কোন জেলার মালিকেরা কয়টি বাস চালাবেন, সেটা তাঁদের নিজস্ব বিষয়। নিজেদের নির্ধারিত সময়ে দুটি নতুন গাড়ি নামাতে চেয়েছিলেন জয়পুরহাটের মালিকেরা। কিন্তু বগুড়ার মালিকেরা তাতে আপত্তি জানিয়ে টার্মিনাল থেকে জয়পুরহাটের মালিকদের গাড়ি বের করে দেন। বগুড়া মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, জয়পুরহাটের মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। এজন্য বগুড়ার মালিক-শ্রমিকেরা দায়ী নন।