বগুড়া থমথমে, সহিংসতার ঘটনায় ৪ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের গতকালের সহিংসতার পর আজ সোমবারও বগুড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। শহরতলির কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। গতকালের সহিংসতার ঘটনায় করা চারটি মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরতলিতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাইপাস সড়কের তিনটি স্থানে অবরোধ সৃষ্টি করেন। এ ছাড়া তাঁরা তিনমাথায় রেলগেটের গেট ভেঙে ফেলেন এবং রেলস্টেশনের অদূরে রেললাইনের স্লিপার খুলে ফেলেন। পুলিশ গিয়ে এসব স্থানে অবরোধ সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবাব বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শহরতলির পালশা, ভবেরবাজার, চারমাথা এবং শহরের কারবালা ও হাকিরমোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, গতকালের তুলনায় পরিস্থিতি আজ তুলনামূলক ভালো। গতকালের ঘটনায় নিহত তিনজনের পরিবারের সদস্যরা তিনটি এবং বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নানের বাসার তত্ত্বাবধায়ক বাদী হয়ে আরেকটি মামলা করেন। সদর থানায় করা এসব মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও এক হাজার ৬০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় গতকাল রাতে চারজন এবং আজ সকালে আটজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।