বগুড়ায় আজ সন্ধ্যা থেকেই বিএনপির হরতাল
বগুড়ায় আজ সোমবার সন্ধ্যা ছয়টা থেকেই হরতাল পালন করবে জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাংসদ মওদুদ আহমদসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম অতিরিক্ত ১২ ঘণ্টার হরতাল পালনের ঘোষণা দেন। এতে ১৮ দল কেন্দ্রীয়ভাবে সারা দেশে ৩৬ ঘণ্টার হরতাল ডাকলেও বগুড়ায় পালিত হবে ৪৮ ঘণ্টার হরতাল।সারা দেশে হেফাজতে ইসলামের ডাকা আজকের হরতাল শেষ হবে সন্ধ্যা ছয়টায়। এরপর থেকে বগুড়ায় জেলা বিএনপির ডাকা হরতাল শুরু হবে। আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত তা চলবে। এতে বগুড়ায় আজকের হরতালসহ টানা ৬০ ঘণ্টা হরতাল পালিত হবে। হরতালে রাজধানীর সঙ্গে বগুড়াসহ ১১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলো ডটকমকে বলেন, ‘দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বাড়ি উত্তরবঙ্গে। আবার স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গাবতলী-শাজাহানপুর এলাকার সাংসদ। সরকার পতনের আন্দোলন দমাতে ওই দুই নেতাসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর মাধ্যমে সরকারের জুলুম-নির্যাতনের এমন ন্যক্কারজনক ঘটনায় বগুড়াবাসী হাত গুটিয়ে বসে থাকতে পারে না। এ জন্য আজ সন্ধ্যা ছয়টা থেকে বগুড়া জেলাজুড়ে ১২ ঘণ্টার অতিরিক্ত হরতালের ডাক দেওয়া হয়েছে। অন্যান্য সময়ের চেয়ে এবারের ৪৮ ঘণ্টার হরতাল কঠিনভাবে পালিত হবে। বগুড়া জেলা বিএনপির ডাকা এই হরতালে গাড়ি-ঘোড়া না চালাতে এবং দোকানপাট না খুলতে সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে ডাকা ৪৮ ঘণ্টার হরতাল পালনের জন্য আজ সন্ধ্যা থেকেই নেতা-কর্মীরা রাজপথে থাকবেন।’