বগুড়ায় আদালত চত্বরে বোমা বিস্ফোরণ
বগুড়ায় আজ সোমবার বিএনপির ডাকা হরতাল চলাকালে আদালত চত্বরে পর পর দুটি চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বেলা ১১টার দিকে বগুড়ার জজ আদালতের গহর আলী ভবন চত্বরে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।এ সময় আদালতে আসা বিচারপ্রার্থী ও আইনজীবীরা আতঙ্কে ছুটোছুটি করতে থাকেন।ঘটনার পর আদালতের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে বলেন, হরতালে আতঙ্ক সৃষ্টি বা কাল আবদুল কাদের মোল্লার রায় সামনে রেখে আদালত চত্বরে ওই দুটি চকলেট বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, পাশের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে আদালত চত্বরে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর পরপরই আদালতের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে সকালের দিকে বগুড়া শহরতলির এরুলিয়া এলাকায় হরতালের সমর্থকেরা পত্রিকাবাহী একটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে পিকেটিং করেন।এ ছাড়া সকালের দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাতমাথা-তিনমাথা সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন। পরে ঝটিকা মিছিল নিয়ে তাঁরা জামিলনগর এলাকার দিকে চলে যান।এদিকে পুলিশের সঙ্গে সমঝোতা করে হরতালের সমর্থনে শহরের কয়েকটি এলাকায় মিছিল করেছে বিএনপি। সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে শহরের মফিজ পাগলার মোড় থেকে মিছিলটি বের করা হলে পুলিশ প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে। পরে সদর থানা ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে আলোচনার পর পুলিশ হরতাল সমর্থকদের মিছিল করতে দিতে সম্মত হয়। এ সময় বিএনপির মিছিলটি জলেশ্বরীতলা এলাকা হয়ে জেলখানার মোড়ে গিয়ে শেষ হয়। শহরে সকাল থেকে রিকশাভ্যান চলাচল ছিল স্বাভাবিক। অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতি ছিল কম।