বগুড়ায় আদালতে তাণ্ডব, আসামি ছিনতাই
নেতাদের জামিন মঞ্জুর না করায় আজ বৃহস্পতিবার বগুড়ার জেলা জজ আদালতে তাণ্ডব চালিয়েছেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। এ সময় তাঁরা জামিন মঞ্জুর না হওয়া ছয় নেতাকে আদালতের কাঠগড়া থেকে ছিনিয়ে নিয়ে যান। তবে পরে পুলিশ তাঁদের উদ্ধার করেছে।গত ১৩ ডিসেম্বর ১৮ দলের ডাকা হরতালে বগুড়া শহরের খোকন পার্কের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪৪ জনকে আসামি করে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। এ মামলায় হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন নিয়েছিলেন মামলার আসামিরা। আজ পুনরায় তাঁদের জামিনের আবেদনের তারিখ ছিল।বগুড়ার জেলা জজ আদালতের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আবদুল হামিদ আজ ওই ৪৪ জনের মধ্যে ৩৮ জনের জামিন আবেদন মঞ্জুর করেন। যুবদলের সভাপতি শিপার আল বখতিয়ার, সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসানসহ ছয়জনের জামিন নামঞ্জুর করেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে উপস্থিত যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা বিচারককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও বিচারকের এজলাসসহ আসামির কাঠগড়া ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা জামিন মঞ্জুর না হওয়া ছয় নেতাকে কাঠগড়া থেকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় তাঁরা আদালতের অন্যান্য কক্ষের আসবাব, আদালতের চত্বরে থাকা অন্তত ৪০টি গাড়ি ও আশপাশের ১০টি দোকান ভাঙচুর করেন। পরে ওই ছয় নেতাকে উদ্ধার করে পুলিশ। তবে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার দাবি করেছেন ছয় নেতা। তাঁদের আদালতের কারাগারে রাখা হয়েছে।ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।