বগুড়ায় দর্জি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার
মজুরি বৃদ্ধিসহ নয় দফা দাবিতে বগুড়া দর্জি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার থেকে তাঁরা কাজে যোগ দিয়েছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে দর্জি শ্রমিক ও মালিকদের ফলপ্রসূ আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।গত ২১ জুলাই থেকে দর্জি শ্রমিক ইউনিয়ন ধর্মঘট শুরু করে। এ ধর্মঘট নিয়ে মালিক-শ্রমিকদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও কোনো সমঝোতায় আসতে পারেনি। পরে গত শুক্রবার সর্বশেষ বৈঠক হয়। এ বৈঠকে শ্রমিকদের কিছু দাবি-দাওয়া মেনে নেন মালিকেরা। কিন্তু দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতিকে মারধর, দর্জি মালিকদের মামলায় তিন শ্রমিকনেতাকে গ্রেপ্তারের পর পরিস্থিতি পাল্টে যায়। গতকাল শনিবার রাতে দর্জি শ্রমিক ইউনিয়ন তাদের ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দিয়ে মাইকিং করে।বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন জানান, তাঁদের দাবি মেনে নেওয়ায় শ্রমিকদের আজ থেকে কাজে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। দর্জি মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, দর্জি শ্রমিকেরা আজ থেকে কাজে যোগ দিয়েছে।