বগুড়ায় বাড়ির নিচ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে সূত্রাপুর ঈদগাহ লেন এলাকায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি বহুতল ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়া হলে বিপুলসংখ্যক গোলাবারুদ পাওয়া গেছে।উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে আছে চারটি গ্রেনেড, একটি বোমা, একটি মর্টার সেল, ৩০৩ রাইফেলের ২৪৫টি গুলি, ৭.৬২ রাইফেলের ২৬২টি গুলি এবং ৯ এমএম পিস্তলের ১৭৫টি গুলি।বগুড়া সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের সূত্রাপুর ঈদগাহ লেন এলাকায় গাজী রিয়েল এস্টেট নামে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। আজ বেলা ১১টার দিকে শ্রমিকেরা মাটি খুঁড়তে শুরু করেন। প্রায় দুই ফুটের মতো গর্ত করার পর গোলাবারুদগুলো বেরিয়ে আসে। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে আরও খোঁড়াখুঁড়ি করে সেগুলো উদ্ধার করে।কর্মরত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, ‘মাটি খোঁড়ার পর পলিথিন মোড়ানো একটি মাটির পাতিল দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর যখন গ্রেনেড বের হয়ে আসে, তখন আরও ভয় লাগে। মাটির পাতিল ছাড়াও স্টিলের বক্সের মধ্যে থেকেও গোলাবারুদ বের হয়।’বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল গোলাবারুদ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বিভিন্ন রাইফেল ও পিস্তলের গুলি অকেজো হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে, তবে গ্রেনেডগুলো সতর্কতার সঙ্গে উদ্ধার করে পানির বালতিতে রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, গোলাবারুদগুলো স্বাধীনতা যুদ্ধের সময় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। সেগুলো বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করা হবে।