বগুড়ায় বিএনপির নেতা খুন, দুজনের বাড়িতে হামলা-ভাঙচুর
বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বিএনপির নেতা শাহীন আলী (৪০) খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসী সাবেক ছাত্রদল নেতা ও বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ দুজনের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ খুনের ঘটনায় একটি মামলা হয়েছে।নিহতের পরিবারের দাবি, শাহীনের সঙ্গে পৌর কাউন্সিলর দেলোয়ার পশারী ওরফে হিরুর ছোট ভাই লিখনের বিরোধ ছিল। শাহীন আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য জনসংযোগ শুরু করেছিলেন। ওই বিরোধের জেরে শাহীনকে খুন করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত আটটার দিকে শাহীন মসজিদ থেকে বাড়ি ফেরার পথে সূত্রাপুর আজাদ পাম্পের কাছে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা শাহীনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাঁর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, শাহীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার পশারী ওরফে হিরু এবং তাঁর বন্ধু রেজভির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ব্যাপারে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, এ হত্যার ঘটনায় নিহত শাহীনের ছোট ভাই দুলাল হোসেন বাদী হয়ে আটজনের বিরুদ্ধে গতকাল রাতেই মামলা করেছেন। এতে পৌর কাউন্সিলর দেলোয়ার পশারী ওরফে হিরু, তাঁর ছোট ভাই লিখনকেও আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।