বগুড়ায় বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল বুধবার গভীর রাতে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থীরা শহরের একটি বিদ্যুৎ অফিসে ভাঙচুর চালিয়েছেন। তাঁরা অফিসের নিরাপত্তারক্ষীর কক্ষের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই পুরান বগুড়াসহ আশপাশের এলাকায় ঘন ঘন লোডশেডিং হয়। এসব এলাকায় বেশ কয়েকটি ছাত্রাবাস রয়েছে। প্রচণ্ড গরমে এই লোডশেডিংয়ে অতিষ্ঠ ছাত্ররা গভীর রাতে রাস্তায় নেমে আসেন। তাঁরা মিছিল করে পুরান বগুড়ার একটি বিদ্যুৎ অফিসে হামলা চালান। তাঁরা সেখানে ইট-পাটকেল নিক্ষেপসহ ব্যাপক ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ গেলে ছাত্ররা তাদের ওপরও ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ পরে কয়েকটি শটগানের ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজন ছাত্রকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, ফখরুল ইসলাম ও শফিকুল ইসলাম।বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হান্নান জানান, গতকাল রাতে ওই এলাকায় জরুরি কাজে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বিদ্যুৎ অফিসে হামলা চালান। তিনি আরও জানান, এ ঘটনায় গতকাল রাতেই বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ফরিদুল হাসান বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।