বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জুয়াড়িকে সাজা
বগুড়ার শেরপুরে গতকাল সোমবার ১০ জন জুয়াড়িকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে তাদেরকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান জুয়াড়িদের এ সাজা দেন।সাজাপ্রাপ্তরা হলেন—শেরপুর উপজেলার হামছায়াপুর গ্রামের মো. রাজু (৩৮) ও মো. ফিরোজ (৩৭); টাউন কলোনির মো. মিথুন (৩৫); পল্লীবাসের আশরাফ আলী (৪৩); হাসপাতাল রোডের মো. দুলাল (৩৮); খন্দকার টোলার চান মিয়া (৪৫) ও মো. আসাদুজ্জামান (৩৮); চন্ডিজানের মো. জামাল (৩৮); খাগা গ্রামের সঞ্জিত চন্দ্র রায় (৩৮) এবং শাজাহানপুর উপজেলার পলিপালাস গ্রামের মো. দুলু আকন্দ (৩৭)।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বিকেলে উপজেলার খন্দকার টোলা এলাকার একটি ঘরে তাস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে উপজেলার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট সবাইকে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন। রাত আটটার দিকে জুয়াড়িদের বগুড়া কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।