বগুড়ায় রেললাইনে নাশকতার চেষ্টা
বগুড়ায় আজ বুধবার ইসলামী ছাত্রশিবিরের ডাকা হরতাল চলাকালে শহরের শহরদীঘি এলাকায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে নাশকতার চেষ্টা চালায় হরতাল-সমর্থকেরা।এ ছাড়া পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ ভোরে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসংলগ্ন সিলিমপুর এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ভোরের দিকে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সিলিমপুর এলাকায় মহাসড়কে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে কয়েক দফা হাতবোমা ছোড়েন শিবিরকর্মীরা। এতে কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, বগুড়ার রেলস্টেশনের স্টেশনমাস্টার বেনজুরুল ইসলাম জানান, সকালে হরতাল-সমর্থকেরা শহরের শহরদীঘি এলাকায় রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলে। এর কিছুক্ষণ পর ওই রেলপথ দিয়ে একটি যাত্রীবাহী ট্রেন যাওয়ার কথা ছিল। বিষয়টি জানতে পেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রেললাইন দ্রুত মেরামত করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।অপরদিকে হরতালের কারণে শহরে রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরীক্ষার দিনে হরতাল ডাকায় চরম ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে আজ রংপুর ও রাজশাহী বিভাগে হরতাল ডেকেছে সংগঠনটি।