বগুড়ায় সিরিজ বোমা হামলা: ৫ জেএমবি সদস্যের যাবজ্জীবন
২০০৫ সালের ১৭ আগস্ট বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলায় করা মামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৪-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।সাজাপ্রাপ্ত জেএমবির সদস্যরা হলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামা মুশারিভুজা গ্রামের ওয়ালিউল্লাহ ওরফে আবদুল হামিদ (২৬), নওগাঁর আত্রাই উপজেলার ব্রজপুর পূর্বপাড়া গ্রামের গোলাম কিবরিয়া ওরফে টাইগার ওরফে ইউসুফ (২৯), গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোলা গ্রামের মামুনুর রশিদ ওরফে মামুন (৩২), বগুড়ার গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের আবদুর রাজ্জাক ওরফে হাসান (২৯) এবং বগুড়ার সোনাতলা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের সিরাজুল ইসলাম (২৬)। তাঁদের মধ্যে গোলাম কিবরিয়া পলাতক আছেন।রায় ঘোষণা উপলক্ষে আজ সকাল থেকে আদালত চত্বরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের মতো বগুড়ায়ও জেএমবির সদস্যরা সিরিজ বোমা হামলা চালায়। ১৭ আগস্ট বেলা ১১টা থেকে ১১টা ২০ মিনিটের মধ্যে বগুড়া শহরের ১৩টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় ১৩টির মধ্যে সাতটি স্থানের কথা উল্লেখ করে সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরশেদ বেলাল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের একপর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। তদন্ত শেষে ডিবির তত্কালীন পরিদর্শক মতিয়ার রহমান শায়েখ আবদুর রহমান ও বাংলাভাইসহ সাতজনকে অভিযুক্ত করে ২০০৫ সালের ৯ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। জেএমবির ওই শীর্ষ দুই নেতার ফাঁসি হওয়ার কারণে তাঁদের নাম পরে বাদ দেওয়া হয়।