বগুড়ায় হরতাল চলছে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জামায়াতে ইসলামীর ডাকে আজ শনিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। গত বৃহস্পতিবারের হরতাল চলাকালে সংঘর্ষে বগুড়ায় তিনজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।আজ সকাল আটটায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাখা একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়ে পিকেটাররা। তবে ককটেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গাড়ির পেছনে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। সকাল পৌনে নয়টার দিকে শহরের গোদাপাড়ায় ইসলামী ছাত্রশিবির একটি মিছিল বের করে। বগুড়া-সান্তাহার সড়কের চারমাথা থেকে এরুলিয়া পর্যন্ত সড়কটি টায়ারে আগুন জ্বেলে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। গত বৃহস্পতিবার এই এলাকার শিবিরকর্মী আবু রূহানী নিহত হওয়ার পর থেকে এখানে উত্তেজনা বিরাজ করছে। এদিকে, সকালে বগুড়ার শেরপুরে বগুড়া-ঢাকা মহাসড়কে চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে পিকেটাররা। শেরপুর উপজেলার সীমাবাড়ি এলাকায় হরতাল শুরুর আগে থেকেই সংবাদপত্রের গাড়িসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। পরে সাংবাদিকদের অনুরোধে সংবাদপত্রের গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়। হরতালকে কেন্দ্র করে শহরে আতঙ্ক বিরাজ করায় রিকশা ছাড়া আর কোনো যানবাহন চলছে না। দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি। শহরজুড়ে র্যাব ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক প্রথম আলো ডটকমকে জানান, জেলায় বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পিকেটিংয়ের হাত থেকে রক্ষা করতে যানবাহন আটকানো হয়েছে।