বগুড়া ও ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গতকাল শনিবার গভীর রাতে ও ঈশ্বরদীতে আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বোনসহ পাঁচজন নিহত হয়েছেন। বগুড়ায় নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়া কাজীপাড়া গ্রামের রশিদ মেম্বারের স্ত্রী বুলবুলি (৩০)। আর ঈশ্বরদীতে নিহত দুই বোন হলো এইচএসসি পরীক্ষার্থী আরিফা আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী দিপা খাতুন।বগুড়া: পঞ্চগড় থেকে ঢাকাগামী কাকলী এন্টারপ্রাইজ নামের একটি নৈশকোচ গতকাল রাত দুইটার দিকে শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে নৈশকোচের সংঘর্ষ হয়। এর পরপরই ট্রাকের পেছনে থাকা অপর একটি মাইক্রোবাসের সঙ্গে কোচটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং কোচটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই কোচের নারীযাত্রীসহ তিনজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। নিহতদের মধ্যে বুলবুলির পরিচয় পাওয়া গেছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কোচ, ট্রাক ও মাইক্রোবাসটি আটক করা হয়।ঈশ্বরদী (পাবনা): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফা ও দিপা প্রাইভেট পড়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিল। পথে ঈশ্বরদীর নতুন হাট মোড়ে বিশ্বরোডের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। এর প্রতিবাদে এলাকাবাসী ঈশ্বরদী-খুলনা মহাসড়ক অবরোধ করে ট্রাকটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।