বগুড়া ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার শিবগঞ্জে ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছে।শিবগঞ্জ (বগুড়া): জয়পুরহাট-মোকামতলা সড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া এলাকায় আজ সোমবার দুপুরে ভটভটির চাপায় সিমলা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাটিয়ান গ্রামের সালামত আলীর মেয়ে।একই সড়কের গণেশপুর এলাকায় গতকাল রোববার রাতে জয়পুরহাটগামী একটি বাসের সামনের চাকা ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে সোনাতলা উপজেলার আচারপাড়া গ্রামের দুদু প্রামাণিকের ছেলে রুবেল আহমেদ (২৫) ঘটনাস্থলেই নিহত হন।কুষ্টিয়া: কুষ্টিয়া পৌর শহরে ট্রাকের চাপায় তমা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। আজ বেলা একটার দিকে শহরের নারিকেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শিক্ষকের কাছে পড়ে তমা তাঁর বান্ধবীসহ রিকশায় করে শহরের হাউজিং এলাকার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। এতে তমা গুরুতর আহত হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। রিকশায় থাকা তমার বান্ধবী আহত হয়েছেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনির উজ জামান প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ট্রাকসহ চালক শাহিন আলীকে আটক করেছে।